২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাবে রোগে মৃত্যুহার বাড়ছে: ডব্লিউএইচও

ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরের মতো রোগ বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে জলবায়ু পরিবর্তন। আর এসব রোগসহ বন্যা ও অপুষ্টিতে প্রতিবছর মারা যাচ্ছে প্রায় দেড়লাখ মানুষ। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ম্যানিলা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বরের মতো রোগ বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে জলবায়ু পরিবর্তন। আর এসব রোগসহ বন্যা ও অপুষ্টিতে প্রতিবছর মারা যাচ্ছে প্রায় দেড়লাখ মানুষ। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা জানিয়েছে। ডব্লিউএইচও'র ওয়েস্টার্ন প্যাসিফিক কার্যালয়ের প্রধান শিগেরু অমি জানিয়েছেন, বিশ্বে প্রতি বছর কমপক্ষে দেড় লাখ লোক ম্যালেরিয়া, ডায়রিয়া, অপুষ্টি ও বন্যার কারণে মারা যাচ্ছে এবং এসব বিষয়ের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক খুঁজে বের করা সম্ভব। অমি ম্যানিলায় সাংবাদিকদের বলেন, এভাবে মৃত্যুর শিকার এসব লোকের অর্ধেকের বেশি এশিয়ার অধিবাসী। তিনি বলেন, "ম্যালেরিয়ার জীবাণু বহনকারী মশা বর্তমানে এমন সব স্থানে দেখা যাচ্ছে, যেখানে আগে ম্যালেরিয়া ছিল না।" বিশ্বে প্রতিবছর শুধু ম্যালেরিয়াতেই মারা যায় প্রায় ১ লাখ লোক। ওই ডব্লিউএইচও কর্মকর্তা আরও বলেন, "ডেঙ্গুর ক্ষেত্রে অন্যান্য বিষয় এবং মশা বেড়ে যাওয়ারও অন্য অনেক কারণ রয়েছে। কিন্তু আমি এটি নিশ্চিত যে, অন্যান্য কারণের মধ্যে জলবায়ু পরিবর্তন একটা ভূমিকা রাখছে। এটুকু আমরা অবশ্যই বলতে পারি।" ডব্লিউএইচও'র হিসাবে প্রতিবছর বিশ্বে প্রায় ৫ কোটি মানুষ ডেঙ্গু রোগ সংক্রমণের শিকার হন। এদের প্রায় ৫ লাখের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয় এবং কমপক্ষে ১২,৫০০ জনের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে। জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিভিন্ন দেশের সরকার ও জনগণকে সচেতন করতে ডব্লিউএইচও প্রায় এক কোটি ডলারের একটি কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান শিগেরু অমি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৮১৪ ঘ.