লন্ডন, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৮৬) রোববার হাসপাতাল ছেড়েছেন। বুকের ব্যাথায় আক্রান্ত হওয়ার পর গত বৃস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
টেলিভিশন চ্যানেলগুলোর প্রদর্শিত চিত্রে দেখা যায়, প্রিন্স ফিলিপ রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ির দিকে হেটে যাচ্ছেন। ওই গাড়িতে করেই তিনি উইন্ডসর ক্যাসেলে যাবেন।
রাজ প্রাসাদ সূত্র জানিয়েছে, ফিলিপের সোমবারের সকল সরকারি কাজ স্থগিত করা হয়েছে এবং আগামী কাজগুলো প্রতিদিন নির্ধারণ করা হবে।
গত শুক্রবার প্রাসাদের এক মুখপাত্র জানিয়েছিলেন, বুকের ব্যাথার কারনে ফিলিপকে মধ্য লন্ডনের রাজা সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাপছাড়া মন্তব্যের কারনে ফিলিপ ধারবাহিকভাবে গণমাধ্যমে উপস্থিত। তাছাড়া প্রিন্সেস ডায়ানার প্রেমিক দোদি আল ফায়েদের বাবা মোহম্মদ আল ফায়েদের অভিযোগে তিনি আলোচনায় আছেন।
মোহাম্মাদ আল ফায়েদ আদালতে অভিযোগ করেছেন, প্রিন্স ফিলিপের নির্দেশে ডায়ানা ও দোদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তবে আদালত জানিয়েছে তার এই অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৫ ঘ.
bdnews24