বাগদাদ, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছ থেকে রোববার বিশ্ববিদ্যালয়ের ৪২ ছাত্রকে অপহরণ করেছে বন্দুকধারীরা। পুলিশ একথা জানিয়েছে।
ইরাকে গত কয়েক মাসে সংঘটিত গণ অপহরণ ঘটনাগুলোর অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে এ ঘটনাটি।
নিনেভেহ প্রদেশ পুলিশের মুখপাত্র খালিদ আব্দুল-সাত্তার বলেন, "মসুলের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে দুটি বাস থামিয়ে দেয় বন্দুকধারীরা। তবে একটি বাস পালিয়ে যেতে সমর্থ হয়। তখন বন্দুকধারীরা অন্য বাসটি আটকে ফেলে এবং ৪২ জন ছাত্রকে আটক করে নিয়ে যায়।"
কোনো সংগঠনই এই ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে আল কায়েদার ইরাক শাখার যোদ্ধারা এ কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এর অন্যতম কারণ, পশ্চিমাঞ্চলীয় আনবার এবং রাজধানী বাগদাদে ব্যাপক সেনা অভিযানের প্রেক্ষিতে তারা এখন উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে পুনর্গঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৬২২ ঘ.
bdnews24