বাগদাদ, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আল কায়েদা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে দেশটির একটি স্থানীয় নিরাপত্তা সেনা ইউনিটের সাত সদস্য নিহত হয়েছে। রোববার পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, সালাহউদ্দিন প্রদেশের সামারাহ শহরের কাছে আল কায়েদার এক শক্ত ঘাঁটিতে শনিবার স্থানীয় নিরাপত্তা ইউনিটটি অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। মার্কিন ও ইরাকি সেনারা এ প্রদেশে এই বছর বেশ কয়েকবার আল কায়েদার বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
পার্শ্ববর্তী প্রাদেশিক রাজধানী তিকরিতের এক পুলিশ ক্যাপ্টেন মোহাম্মেদ ওমর বলেন, "স্থানীয় এক আদিবাসী নেতাসহ সংগঠনটির সাতজন নিহত হয়েছেন। আল কায়েদা গতকাল তাদের হত্যা করেছে।"
তবে এ ঘটনায় আল কায়েদার কোনো সদস্য নিহত হয়েছে কি-না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বাগদাদের ১০০ কিলোমিটার উত্তরের সামারাহ শহরের পুলিশ ক্যাপ্টেন মুথানা শাকের বলেন, সংঘর্ষ শুরুর সময় নিরাপত্তা ইউনিটটি সেখানে অবস্থিত আল কায়েদার এক নিরাপদ আস্তানায় অভিযান চালাচ্ছিল।
প্রসঙ্গত, মূলত ইরাকের সুন্নি আরব অধ্যুষিত অঞ্চলের স্থানীয় নিরাপত্তা ইউনিটগুলোকে মার্কিন সেনাবাহিনী 'সচেতন স্থানীয় নাগরিকদের' (সিএলসি) ইউনিট হিসেবে উল্লেখ করে থাকে। এছাড়া গত জুন মাস থেকে ইরাকজুড়ে সহিংসতা কমে আসার জন্যও তাদের ভূমিকার প্রশংসা করে আসছে মার্কিন সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০৭ ঘ.
bdnews24