কায়রো, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিসরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র (ডব্লিউএইচও) এক কর্মকর্তা।
ডব্লিউএইচও'র কায়রো দপ্তরের কর্মকর্তা জন জ্যাবর রয়টার্সকে জানান, মিসরের বেহেইরার 'নাইল ডেল্টা' প্রদেশের এক ব্যক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গিয়েছে।
মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা মৃত ব্যক্তিকে ইদ্রিস হাসান ইব্রাহিম বলে সনাক্ত করেছে। ২০০৬ সালে মিসরে বার্ড ফ্লুর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪৮ জন বার্ড ফ্লুর সবচেয়ে মারাত্মক ভাইরাস এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে।
এছাড়াও মিনা জানিয়েছে, ইব্রাহিম প্রচণ্ড জ্বর নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয় এবং শুক্রবার মারা যায়।
গত মাসেও মিসরে একজন নারী বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এশিয়ার বাইরে একমাত্র মিসরেই বার্ড ফ্লুতে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৭ ঘ.
bdnews24