হারারে, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভোট হওয়ার এক সপ্তাহ বাদেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশিত না হওয়ায় জিম্বাবুয়ের প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) শনিবার হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে। ২৮ বছর ধরে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছেন- এমন সন্দেহের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশে বাধ্য করতে এ পদক্ষেপ নিচ্ছে এমডিসি।
এমডিসি দাবি জানিয়ে আসছে, তাদের নেতা মরগ্যান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবেকে পরাজিত করেছেন এবং আনষ্ঠানিকভাবে তাকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করতে হবে। যদিও, পর্যবেক্ষকরা বলছেন, সাভাঙ্গিরাই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ ভোট পাননি এবং তাকে মুগাবের বিরুদ্ধে দ্বিতীয় দফায় লড়তে হবে।
প্রসঙ্গত, জিম্বাবুয়েতে গত শনিবার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন পার্লামেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ করেনি।
এমডিসির মুখপাত্র নেলসন চামিসা সূত্রে জানা গেছে, গ্রিনিচ সময় সকাল আটটায় হাই কোর্টে মামলাটির শুনানি শুরু হবে।
তিনি বলেন, "আমরা সত্ত্বর ফলাফল চাই। আদালতের নির্দেশের চার ঘণ্টার মধ্যেই আমরা ফলাফল চাই। ফল প্রকাশে বিলম্ব হওয়ায় আমরা উদ্বেগ, হতাশা, সন্দেহ ও গুজবের বিরুদ্ধে লড়ছি।"
শুক্রবার মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির শীর্ষ নেতারা জানান, তারা তাদের ৮৪ বছর বয়সী প্রবীণ নেতাকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিযোগিতা করতে সমর্থন করবেন।
এর আগে এ সপ্তাহের প্রথম দিকে গুঞ্জন উঠেছিল যে মুগাবেকে পদত্যাগের আহ্বান জানাতে পারেন জানু-পিএফ এর শীর্ষ নেতারা।
শুক্রবার জানু-পিএফ আরও জানিয়েছে, পার্লামেন্ট নির্বাচনের কিছু আসনের ফলাফলের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ জানাবে।
জিম্বাবুয়ের আইন অনুসারে প্রথম দফা ভোটের তিন সপ্তাহের মধ্যেই দ্বিতীয় দফা ভোট হওয়ার কথা থাকলেও এবার কবে নাগাদ দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হতে পারে সে বিষয়ে শনিবার পর্যন্ত পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।
তবে শুক্রবার ক্ষমতাসীন জানু-পিএফ এ ইঙ্গিত দিয়েছে যে, দ্বিতীয় দফা নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০৫ ঘ.
bdnews24