২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা ভোটের জন্য প্রস্তুত মুগাবের দল, প্রত্যাশা জয়

জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি এখন দ্বিতীয় দফা নির্বাচন আশা করছে এবং তারা নিশ্চিত এতে প্রেসিডেন্ট মুগাবেই জিতবেন। উপ পররাষ্ট্রমন্ত্রী ব্রাইট মাতঙ্গা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

হারারে, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি এখন দ্বিতীয় দফা নির্বাচন আশা করছে এবং তারা নিশ্চিত এতে প্রেসিডেন্ট মুগাবেই জিতবেন। উপ পররাষ্ট্রমন্ত্রী ব্রাইট মাতঙ্গা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। মাতঙ্গা রয়টার্সকে বলেন, গত শনিবারের নির্বাচনে জানু-পিএফ পার্টি পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারালেও সংখ্যাগরিষ্ঠ ভোট তারা পেয়েছে। প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে। তবে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এমডিসি জানিয়েছে, তাদের হিসেব মতে তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই ওই নির্বাচনে বিজয়ী হয়েছেন। মাতঙ্গা বলেন, "জানু-পিএফ দল একেবারেই নিশ্চিত দ্বিতীয় দফা নির্বাচন তারাই আমরাই জিতবে। দ্বিতীয় দফা ভোটের জন্য আমরা প্রস্তুত।" তিনি আরও বলেন, "আমরা নিশ্চিত দ্বিতীয় দফার ভোটে জিতে প্রেসিডেন্ট মুগাবেই ক্ষমতায় থাকবেন।" রয়টার্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মাতঙ্গা বলেন, "আমার মতে এই ভোটে কোনো প্রেসিডেন্ট প্রার্থীই এককভাবে বিজয়ী হতে পারেননি। এ কারনে দ্বিতীয় দফায় ভোট হওয়া প্রয়োজন।" ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতাসীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শনিবারের নির্বাচনের পর তার ২৮ বছরের শাসনামলের সবচেয়ে বড় সঙ্কটের সম্মুখীন হয়েছেন। নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত ফলে দেখা গেছে, ২১০ আসনের পার্লামেন্টে প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) ৯৯টি আসনে জিতেছে এবং এমডিসি'র একটি দলছুট অংশ পেয়েছে ১০টি আসন। অন্যদিকে, ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি পেয়েছে ৯৭টি আসন। এছাড়া, একটি আসনে জিতেছে স্বতন্ত্র প্রার্থী। পার্লামেন্ট নির্বাচনে ২১০টি আসনের মধ্যে ২০৬টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। জানু-পিএফ একটি আসনে অংশ না নেওয়ায় এবং নির্বাচনের আগে এমডিসির তিন প্রার্থী মারা যাওয়ায় বাকি চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শনিবার পার্লামেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়। তবে বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্তও প্রেসিডেন্ট ও স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। ওদিকে, বুধবার এমডিসি দাবি করেছে, প্রেসিডেন্ট ও পার্লামেন্ট উভয় নির্বাচনেই তারা প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে পরাজিত করেছে। দলের মহাসচিব মুগাবেকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এমডিসি মহাসচিব তেনদাই বিটি এক সংবাদ সম্মেলনে জানান, সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তাদের নেতা মরগান সাভাঙ্গিরাই পেয়েছেন ৫০ দশমিক ৩ শতাংশ ভোট। আর প্রেসিডেন্ট মুগাবে পেয়েছেন ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট। তিনি জানান, দ্বিতীয় দফায় ভোটের কোনো প্রয়োজন নেই। তবে জিম্বাবুয়ের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে সংখ্যাগরিষ্ঠ ৫১ শতাংশ ভোট পেতে হয়। মুগাবে সরকার প্রেসিডেন্ট নির্বাচনে এমডিসি'র বিজয় প্রত্যাখ্যান করেছে। বিরোধদলের জয় দাবিকে 'মনগড়া' অভিহিত করে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছে সরকার। প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বিরোধীদলের জয় দাবির বিরুদ্ধে হুঁশিয়ার করে সরকার বলেছে, তাদের এসব কর্মকাণ্ড অভ্যুত্থান প্রচেষ্টা বলেই গণ্য হবে। উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা টেলিফোন সাক্ষাৎকারে স্কাই টেলিভিশনকে বলেছেন, "মুগাবে কোথাও যাচ্ছেন না। আমরা কোনো ব্যাপারেই চাপের মুখে পড়ছি না।" এর আগে পশ্চিমা গণমাধ্যম জানিয়েছিল, চুক্তির মাধ্যমে বিরোধীদের ক্ষমতায় বসিয়ে মুগাবেকে নিরাপদে দেশ্যত্যাগ করতে যাচ্ছেন। তবে সরকার ও বিরোধীদল উভয়পক্ষই এই খবর নাকচ করে দিয়েছে। সরকারি মালিকানাধীন পত্রিকা 'দ্য হেরাল্ড' পত্রিকা বুধবার জানায়, এমডিসি নেতা মরগান সাভাঙ্গিরাই এবং ক্ষমতাসীন জানু-পিএফ নেতা মুগাবে নির্বাচনে প্রায় সমান সংখ্যক ভোট পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে দ্বিতীয় দফায় ভোটের প্রয়োজন হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১৫ ঘ.