বসরা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে শিয়া জঙ্গিদের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বুধবার শীর্ষ ইরাকি জেনারেলদের বহনকারী একটি গাড়িবহরের কাছে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মাদ আল-আকসারি জানিয়েছেন, হাইয়ানিয়া এলাকায় বসরার নিরাপত্তা প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহান আল-ফিরাইজিকে বহনকারী বহরের কাছেই বিস্ফোরণ ঘটে। তিনি নিজেও বিস্ফোরণের সময় ওই বহরে ছিলেন।
বসরার ওই এলাকটি শিয়া নেতা মুকতাদা আল সদরের মেহদি আর্মির শক্ত ঘাঁটি। গত সপ্তাহে বসরায় ইরাকি বাহিনীর সঙ্গে মেহদি আর্মির লড়াইয়ের সময় এই এলাকাতেই অধিকাংশ সংঘষের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর জেনারেল আকসারি রয়টার্সকে বলেন, "বিস্ফোরকটি ছিল রাস্তার ধারে পেতে রাখা বোমা। তবে এতে জেনারেল ফিরাইজি বা আমি আহত হয়নি।"
তিনি জানান, ইরাকি টেলিভিশনের এক প্রতিনিধি পায়ে আঘাত পেয়েছেন। তাকে সম্ভবত গুলি করা হয়েছে।
বসরায় বুধবার বিক্ষিপ্ত সংঘর্ষের ঘবর পাওয়া গেছে। তবে আকসারি নতুন কোনো সংঘর্ষের খবর অস্বীকার করেছেন।
প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নির্দেশে বসরায় গত সপ্তাহের অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মেহদি বাহিনীর সংঘর্ষে কয়েকশ' মানুষ নিহত হয়েছে। গত রোববার সদর তার বাহিনীকে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24