হারারে, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে কিংবা বিরোধী নেতা মরগান সাভাঙ্গিরাই কেউই গত শনিবারের নির্বাচনে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে দ্বিতীয়দফা নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে বুধাবার খবর প্রকাশ করেছে সরকারি মালিকানাধীণ পত্রিকা 'দ্য হেরাল্ড'।
পত্রিকাটি জানায়, প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ নেতা মরগান সাভাঙ্গিরাই এবং ক্ষমতাসীন জানু-পিএফ পার্লামেন্ট নির্বাচনে প্রায় সমান সংখ্যক আসন পাওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে বিরোধী নেতা সাভাঙ্গিরাই দাবি করেছেন তার দল দেশটির ক্ষমতায় যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
তবে, একটি চুক্তির মাধ্যমে মুগাবেকে নিরাপদে দেশ্যত্যাগের সুযোগ দিয়ে বিরোধীদের ক্ষমতায় আরোহনের যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে সরকার ও বিরোধীদল উভয়পক্ষই।
১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে গত ২৮ বছর ধরেই দেশটির ক্ষতায় রয়েছেন ৮৪ বছর বয়সী মুগাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৩ ঘ.
bdnews24