জেনেভা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচার মামলা থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের আইনজীবীরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
প্রায় ৬০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সুইজ্যারল্যান্ডের একটি আদালতে মামলাটি হয়েছিল। পরে পাকিস্তান সরকার মামলায় পক্ষভুক্ত (সিভিল পার্টি) হয়।
গত ফেব্র"য়ারির সাধারণ নির্বাচনে পিপিপি জয়ী হওয়ার পর সরকারি দায়িত্ব গ্রহণে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারির পথ পরিস্কার করতে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার শুরু হয়। সর্বশেষ সাতটি দুর্নীতি মামলা গত মাসে প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিদেশে যে সব মামলা আছে তা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত।
সুইজারল্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, জারদারির বিরুদ্ধে পাকিস্তানে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণের অভাবে এবং পাকিস্তান সরকার এই মামলা থেকে বেরিয়ে যাওয়ায় মামলা দুর্বল হয়ে পড়বে। এর ফলে সুইস আইন অনুযায়ী তার সাজা হওয়ার সম্ভাবনাও তেমন থাকছে না।
জারদারি ও বেনজিরের বিরুদ্ধে এই মামলায় জেনেভার বিচারবিভাগীয় কর্তৃপক্ষ প্রায় এক দশক ধরে তদন্ত করছে। তবে তারা বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বলেছেন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বেনজির ভুট্টো গত ডিসেম্বরে নির্বাচনী প্রচারাভিযানের সময় হামলায় নিহত হন। এরপর তার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়।
জারদারির মামলা থেকে সরকারের বেরিয়ে আসার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান পক্ষের আইনজীবী ডোমেনিক হ্যানসজ বলেন, "দেশের স্বার্থের কথা বিবেচনা করেই সরকার এই মামলা থেকে বেরিয়ে এসেছে। তবে এর অর্থ এই নয় যে অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ করেননি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২৫০ ঘ.
bdnews24