২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ইস্যুতে ম্যাককেইনের সমালোচনায় সরব ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে সোমবার ইরাক ইস্যুতে সিদ্ধান্তহীনতার অভিযোগ আনলেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ম্যানহেইম, পেনসিলভেনিয়া, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে সোমবার ইরাক ইস্যুতে সিদ্ধান্তহীনতার অভিযোগ আনলেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামা। ওবামার ভাষায়, কি করলে ইরাকে সাফল্য আসবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ম্যাককেইন তার রিপাবলিকান পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের মতো একই ভুল করে অনির্দিষ্ট কালের জন্য ইরাকে সেনা রেখে দিতে পারেন। আগামী ২২ এপ্রিল পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী হিলারি কিনটনের সঙ্গে লড়াইয়ে নিজের অবস্থান শক্ত করতে এখন ওই রাজ্যে প্রচারাভিযানে ব্যস্ত ওবামা। পেনসিলভেনিয়ার ম্যানহেইম শহরের এক নির্বাচনী সভায় ওবামা বলেন, ম্যাককেইন "অতীত নীতির অনুগামী হতে চাইছেন" এবং ইরাক যুদ্ধ প্রসঙ্গে তিনি বুশের মতো একই ধারণা পোষণ করেন। ওবামা বলেন, "ম্যাককেইন বা বুশকে নিয়ে আমাদের সমস্যা হল, তাদের কারোই ইরাকে সাফল্য সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। কখনও ছিলও না। এবং এ কারণেই বড় ধরনের কৌশলগত ভুল হয়েছে।" ডেমোক্র্যাট নেতা ওবামা বলেন, "তার (ম্যাককেইন) ভাষ্যটা হচ্ছে এরকম - যেটা উনি প্রায়ই বলে থাকেন যে, সেনা প্রত্যাহার করা মানেই আত্মসমর্পণ করা। এর অর্থ যা দাঁড়ায় তা হল -- উনি যতোদিন মনে করবেন আমাদের সেখানে থাকা প্রয়োজন ... ততোদিনই আমাদের সেখানে থাকতে হবে।" যুক্তরাষ্ট্রের আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে ইলিনয়ের সিনেটর বারাক ওবামা নাকি নিউ ইয়র্কের সিনেটর ও সাবেক ফার্স্ট লেডি হিলারি কিনটন কে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮০৫ ঘ.