কুয়ালা লামপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ায় সরকার বিরোধী জোট গঠনে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছে দেশটির তিন প্রধান বিরোধী দল। রাজধানী কুয়ালা লামপুরে মঙ্গলবার এক বৈঠকে 'পাকাতান রাকায়াত' বা 'জনগণের চুক্তি' নামে ওই জোট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।
সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পার্টি কিয়াদিলান রাকায়াত, ডেমোক্র্যাটিক একশন পার্টি ও পার্টি ইসলাম-ছে- মালয়েশিয়া মিলে ওই জোট গঠন করছে।
জোট গঠনের লক্ষ্যে আয়োজিত বৈঠকে অংশ নেওয়ার পর আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের জানান, আগামী ২৭ এপ্রিল ওই তিনটি দলের পার্লামেন্ট ও রাজ্য পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকের মাধ্যমে 'পাকাতান রাকায়াত' জোটের নীতি ও কর্মপদ্ধতি চূড়ান্ত করা হবে।
ক্ষমতাসীন 'ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন' বা 'ইউএমএনও' এর বিরুদ্ধে এ মাসের নির্বাচনে বিরোধী দলগুলোর ব্যাপক সাফল্যের পর সরকার বিরোধী অবস্থানকে আরও সুসংহত করতে এবং যৌথভাবে আন্দোলন পরিচালনার লক্ষ্য নিয়ে এ জোট গঠন করা হল।
ওদিকে, এ নির্বাচনে খারাপ ফলাফলের প্রেক্ষিতে গত প্রায় ৫০ বছর ধরে টানা দেশটির ক্ষমতায় থাকা দল ইউএমএনও'র অভ্যন্তরীণ বিরোধ মারাত্মক আকার ধারণ করেছে।
কুলালা লামপুরে এক দলীয় জনসভায় নির্বাচনী ব্যর্থতার দায় মাথায় নিয়ে দলীয় নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাওয়ির প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাবেক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং তার ছেলে নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য মুখরিজ মাহাথির। বৈঠকে উপস্থিত কয়েকশ নেতাকর্মী মাহাথিরের ওই আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে শ্লোগান দেন।
মালয়েশিয়ায় এর আগেও ক্ষমতাসীন 'ইউএমএনও' বিরোধী জোট গঠনের চেষ্টা করা হলেও সেগুলোর কোনোটিই শেষ পর্যন্ত টিকেনি। ১৯৯৯ সালে নির্বাচনের আগে এই তিনটি দলের সমন্বয়েই একটি অভিন্ন মোর্চা গঠনের চেষ্টা চালানো হয়েছিল। কিন্ত পার্টি ইসলাম-ছে-মালয়েশিয়া দেশটিকে একটি ইসলামী প্রজাতন্ত্র বানানোর ঘোষণা দিলে ওই জোট ভেঙ্গে যায়।
এরপরও আবার ওই ইসলামপন্থী দলটির সঙ্গে জোট গঠন প্রসঙ্গে সম্পর্কে প্রশ্ন করা হলে আনোয়ার ইব্রাহিম বলেন, "আমরা যতটুকু জানি তাতে এ ধরনের কোনো ইস্যু থাকছে না।"
অন্যদিকে পার্টি ইসলাম-ছে-মালয়েশিয়া নেতা হাদি আওয়াং এ প্রসঙ্গে বলেছেন, "মতপার্থক্য থাকলে অন্যের মতকে শ্রদ্ধার সঙ্গেই মোকাবেলা করেই তা সমাধানের চেষ্টা করা হবে।"
তিনি আরও বলেন, "আমরা জনগণের ওপর ইসলামী আইন চাপিয়ে দিতে পারি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩২ ঘ.
bdnews24