২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুসারীদের প্রতি লড়াই বন্ধের আহ্বান সদরের

সরকারি বাহিনীর সঙ্গে লড়াই বন্ধের জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদর। ইরাকের রাজধানীসহ দক্ষিণাঞ্চলে গত ছয়দিনব্যাপী প্রচণ্ড লড়াইয়ের পর রোববার সদর এ আহ্বান জানালেন। তার এ আহ্বানকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে ইরাক সরকার। সদরের এই পদক্ষেপ ইরাকে নিরাপত্তা বিধানে সহায়ক হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

নাজাফ, ইরাক ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকারি বাহিনীর সঙ্গে লড়াই বন্ধের জন্য অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের শিয়া নেতা মুকতাদা আল-সদর। ইরাকের রাজধানীসহ দক্ষিণাঞ্চলে গত ছয়দিনব্যাপী প্রচণ্ড লড়াইয়ের পর রোববার সদর এ আহ্বান জানালেন। তার এ আহ্বানকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানিয়েছে ইরাক সরকার। সদরের এই পদক্ষেপ ইরাকে নিরাপত্তা বিধানে সহায়ক হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। শিয়া নেতা মুকতাদা আল সদরের সমর্থকদের ওপর মঙ্গলবার সরকারের দমনাভিযান শুরুর পর থেকে সহিংসতায় ইরাকে ১৩০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। সহিংসতা তীব্র আকার ধারণ করায় ইরাকে নড়বড়ে নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়ার হুমকির মুখে পড়ে। সেইসঙ্গে ভেস্তে যেতে বসে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরিকল্পনা। কিন্তু রোববার পবিত্র নগরী নাজাফে সদরের সহযোগিরা তার এক বিবৃতি উদ্ধৃত করে সাংবাদিকের জানায়, "ধর্মীয় দায়িত্ববোধ এবং ইরাকে রক্তক্ষয় বন্ধে আমরা বসরাসহ অন্যান্য প্রদেশে শসস্ত্র লড়াইয়ের অবসান ঘোষণা করছি।" বিবৃতিতে আরও বলা হয়, "অস্ত্রহাতে কাউকে দেখা গেলে এবং কেউ সরকারি প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু করলে সে আমাদের দলের লোক নয়।" সদর একইসঙ্গে অবৈধভাবে তার অনুসারীদের গণগ্রেপ্তার অভিযান বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বন্দিদের মুক্তির লক্ষ্যে তিনি ফেব্র"য়ারিতে পার্লামেন্টে পাস হওয়া সাধারণ ক্ষমা আইন বাস্তবায়ন করারও আহ্বান জানান। সদরের বিবৃতিতে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন মালিকি সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ। তিনি বলেন, "ইরাকের সরকার হিসাবে আমরা এই বিবৃতিকে স্বাগত জানাই। এই পদক্ষেপ ইরাকের নিরাপত্তা বিধানের চেষ্টায় সহায়ক হবে।" প্রধানমন্ত্রী নূরি আল মালিকি বসরায় শিয়া যোদ্ধাদেরকে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর সময়সীমা ঘোষণা করা হয়েছে ৮ এপ্রিল পর্যন্ত। কিন্তু সদরের অনুসারীরা এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। সদরের এক শীর্ষ সহযোগী হাজেম আল আরাজি বলেছেন, শিয়া নেতা মুকতাদা আল সদরের অনুসারীরা অস্ত্রসমর্পণ করবে না। হাজেম আরও বলেন, " সদরের অনুসারীরা সরকারের কাছ থেকে এ নিশ্চয়তা পেয়েছে যে সরকার আর তাদের ওপর গণগ্রেপ্তার অভিযান চালাবে না।" ওদিকে, আলী আল দাব্বাগ রোববার অন্য এক বক্তব্যে জানিয়েছেন, সদরের লড়াই বন্ধের আহ্বানকে স্বাগত জানালেও বসরায় ইরাকি সেনা অভিযান চলবে। তিনি বলেন, "উদ্দেশ্য সিদ্ধি না হওয়া পর্যন্ত বসরা অভিযান চলবে। সদর অনুসারীদের বিরুদ্ধে নয় বরং অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫১ঘ.