জন্সটাউন, পেনসিলভানিয়া, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "হিলারি যতদিন চান প্রতিযোগিতায় থাকতে পারেন"-- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থীতার দৌড়ে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে একথা বলেছেন বারাক ওবামা। পেনসিলভানিয়ায় শনিবার প্রচারাভিযানকালে তিনি একথা বলেন। দলীয় কিছু নেতার চাপের মুখেও হিলারি প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর কথা জানানোর পর ওবামা একথা বললেন।
ওবামা বলেন, "আমি মনে করি, সিনেটর ক্লিনটন যতদিন চান ততদিন প্রতিযোগিতায় থাকতে পারেন। তার নাম ব্যালট-এ আছে এবং তিনি একজন শক্তিশালী প্রতিযোগী।"
নিউ ইয়র্কের সিনেটর হিলারি 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় রোববারের সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি জানি কিছু লোক এ প্রতিযোগিতা বন্ধ করতে চাইছেন। তারা ভুল চিন্তা করছেন।"
হিলারি বলেন, "আমরা যা শুরু করেছি তা শেষ না করা, আগামী ১০টি প্রাইমারিতে কী হয় তা না দেখা এবং ফ্লোরিডা ও মিশিগান সমস্যা সমাধানের আগ পর্যন্ত আমার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কোনো অভিপ্রায় নেই। আমরা এভাবে প্রতিযোগিতার সুরাহা করতে না পারলে তা দলের জাতীয় সম্মেলনে সুরাহা করব।"
উল্লেখ্য, দলীয় নিয়ম ভঙ্গ করে ডেমোক্র্যাটরা গত জানুয়ারি মাসে ফ্লোরিডা ও মিশিগানে প্রাইমারির আয়োজন করায় সে ফলাফল বাতিল হয়ে আছে। হিলারি উভয় অঙ্গরাজ্যের ওই প্রাইমারিতে জয়ী হলেও তার প্রতিপক্ষ ইলিনয়ের সিনেটর বারাক ওবামা মিশিগানের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়ন পাওয়ার জন্য প্রার্থীকে ২০২৪ জন প্রতিনিধির সমর্থন পেতে হবে। তবে হিলারি বা ওবামা কোনো প্রার্থীই এখনও প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পাননি।
এছাড়া, প্রতিনিধির সমর্থন পাওয়ার দিক থেকে ওবামার চেয়ে বেশ পিছিয়ে আছেন হিলারি। কিন্তু সত্ত্বেও হিলারি বলছেন, আগামীতে তিনি ইলিনয়ের সিনেটরকে পরাজিত করতে সক্ষম হবেন।
ডেমোক্রেট দলীয় কিছু নেতা আশঙ্কা করছেন, ওবামা-হিলারির ক্রমশ আরও তীব্র হয়ে ওঠা প্রতিদ্বন্দ্বিতার ফলে লাভবান হচ্ছেন তাদের উভয়ের প্রতিপক্ষ অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন। কেননা, ম্যাককেইন ইতিমধ্যেই রিপাবলিকান দলের ব্যানারে প্রেসিডেন্ট পদে প্রতিযোগিতা করার পথ পরিষ্কার করার পাশাপাশি নির্বাচনের চূড়ান্ত প্রচারাভিযানও শুরু করেছেন।
আর তাই যত শিগগির সম্ভব দলীয় মনোনয়ন প্রতিযোগিতা শেষ করতে চাইছেন ডেমোক্র্যাট দলের ওইসব নেতা। তারই অংশ হিসেবে দলীয় মনোনয়ন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য হিলারিকে চাপ দিচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৭ ঘ.
bdnews24