বাগদাদ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসরায় শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুগত মিলিশিয়াদের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সেনারাও যুদ্ধ করছে। রোববার এ বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বসরায় ইরাকি ও যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক যৌথ অভিযানে ২২ জন সন্দেহভাজন মিলিশিয়া নিহত হওয়ার কথা বলা হয়েছে। এদের "১৬ জন অপরাধী যোদ্ধা"। তিনটি বাড়িতে বিমান হামলা চালিয়ে এদেরকে হত্যা করা হয়।
এই বিবৃতির মাধ্যমে এ বিষয়টি পরিষ্কার হল যে, প্রধানমন্ত্রী নূরী আল মালিকির নির্দেশে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী বসরায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইরাকি সেনাবাহিনীর নেতৃত্বাধীন দমনাভিযানে মার্কিন বাহিনীও জড়িয়ে পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমান সাহায্য চাওয়ার আগেই ইরাকি বিশেষ বাহিনীর সেনারা একটি বাড়িতে থাকা চারজন সন্দেহভাজন মিলিশিয়াকে এবং অপর একটি বাড়ির ছাদে অবস্থানরত অপর দুই মিলিশিয়াকে হত্যা করে।
ওদিকে শিয়া মিলিশিয়াদের অস্ত্র পরিহার সম্পর্কে প্রধানমন্ত্রী মালিকির ৭২ ঘণ্টার আল্টিমেটামের মেয়াদ বাড়িয়ে আগামী ৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তবে শনিবার সদরের সহযোগীরা জানিয়েছেন, সদর তার অনুসারীদের এমন একটি সরকারের কাছে অস্ত্র জমা দিতে নিষেধ করেছেন যে সরকার "দখলদারদের" (মার্কিন সেনাদের) বিতাড়িত করতে অক্ষম।
বসরায় চলমান ছয়দিনব্যাপী দমনাভিযান সত্ত্বেও সেখানবার অনেক রাস্তা এখনও সদরের মেহদি আর্মির মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। রাইফেল, মেশিনগান ও রকেট লঞ্চার নিয়ে প্রকাশে টহল দিতে দেখা যাচ্ছে তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৬৩৯ ঘ.
bdnews24