কাঠমান্ডু, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর বিরাটনগরের একটি মসজিদে শনিবার মাগরিবের নামাজের সময় বোমা হামলায় দুই জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছে। ঘটনার পরপরই শহরটির কিছু অংশে সান্ধ্য আইন জারি করা হয়েছে। পুলিশ রোববার একথা জানিয়েছে।
পুলিশ জানায়, দুইজন হামলাকারী একটি মটরসাইকেলে চড়ে মসজিদটিতে দুটি বোমা নিক্ষেপ করলে হতাহতের এ ঘটনা ঘটে।
শনিবারের ওই হামলার পরপরই রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এবং ভারত সীমান্তবর্তী বিরাটনগরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করেছে কর্তৃপক্ষ।
পুলিশ কর্মকর্তা যোগেন্দ্র কোতোয়াল জানান, "মসজিদটিতে দুটি বোমা নিক্ষেপ করা হয়। তার একটি বিস্ফোরিত হয় এবং অপরটি বিস্ফোরিত হয়নি।"
তিনি আরও বলেন, "বিরাটনগরের কিছু অংশে সান্ধ্য আইন জারি রয়েছে।"
'নেপাল ডিফেন্স আর্মি' নামের একটি হিন্দু চরমপন্থি সংগঠন স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ হমালার দায়-দায়িত্ব স্বীকার করেছে।
প্রসঙ্গত, হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ নেপালে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে জাতিগত সহিংসতার কোনো ইতিহাস নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৪ ঘ.
bdnews24