২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেতানকো'র বিনিময়ে গেরিলা মুক্তির প্রস্তাব কলম্বিয়ার

রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) বা ফার্ক গেরিলারা যদি জিম্মি করে রাখা কলাম্বীয় রাজনীতিবিদ ইনগ্রিদ বেতানকো-কে মুক্তি দেয় তবে তাৎক্ষণিক ভাবে কয়েকশ ফার্ক গেরিলাকে মুক্তি দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে ওই দেশের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

বোগোতা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) বা ফার্ক গেরিলারা যদি জিম্মি করে রাখা কলাম্বীয় রাজনীতিবিদ ইনগ্রিদ বেতানকো-কে মুক্তি দেয় তবে তাৎক্ষণিক ভাবে কয়েকশ ফার্ক গেরিলাকে মুক্তি দেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে ওই দেশের সরকার। দেশটির সরকার আরও জানিয়েছে, কয়েক বছর ধরে জঙ্গলে গেরিলাদের কাছে বন্দি থাকার ফলে বেতানকো রোগাক্রান্ত হয়ে পড়েছেন। কলাম্বিয়ার শান্তি কমিশনার লুই কার্লোস রেসট্রেপো সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট আলভারো উরিবে বৃহস্পতিবার এক ডিক্রি স্বাক্ষরের মাধ্যমে এমন একটি 'বন্দি বিনিময় চুক্তি'র পথ পরিস্কার করেছেন। ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারিভাযানের সময় প্রেসিডেন্ট পদপ্রার্থী ফরাসী বংশোদ্ভুত কলাম্বীয় নাগরিক ইনগ্রিদ বেতানকোকে গেরিলারা অপহরণ করে। তখন থেকেই গভীর জঙ্গলের গেরিলা ঘাঁটিতে জিম্মি অবস্থায় রয়েছেন বেতানকো। গত বেশ কিছুদিন ধরে তার স্বাস্থ্যের অবস্থা বেশ নাজুক বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওদিকে, বৃহস্পতিবার কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পাল ওলমার পেরেজ বলেন, বেতানকোর স্বাস্থ্যের অবস্থা খুবই নাজুক। পেরেজের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বেতানকো অপুষ্টি এবং হেপাটাইটিস-বি তে ভুগছেন এবং বিষাক্ত পোকার কামড়ে তার চামড়ায় সংক্রমণ হয়েছে। ফার্ক গেরিলারা গত মাসে তাকে গেরিলা নিয়ন্ত্রিত জঙ্গলের একটি শহরে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে গিয়েছিল। শান্তি কমিশনার রেসট্রেপো বলেন," মানবিক দিক বিবেচনা করে এই বিনিময়ের (বন্দি) একটি আইনি সুযোগ তৈরি হয়েছে এবং আমরা যতটা সম্ভব শর্ত শিথিল করেছি।" তিনি আরও বলেন, " জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইনগ্রিদের জীবন বাঁচানোর প্রচেষ্টার সঙ্গে শামিল হয়েছে সরকার। আমরা এই বিষয়ে কোন ঝুঁকি নিতে পারি না, কেননা অপেক্ষা করার মতো সময় হাতে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৩৫ ঘ.