কারাকাস, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইকুয়েডরে বোমা হামলা চালানোর পক্ষে সাফাই গেয়ে কলম্বিয়া আন্দিজ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার একথা বলেছেন।
কলম্বিয়া সীমান্তের কাছে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে শ্যাভেজ বলেন, "কলম্বিয়ার জন্য আমাদেরকে ভালো সম্পর্কের পথে ফিরে যাওয়ার জন্য চড়া মূল্য দিতে হয়েছে। এখন আমরা আর আমাদের মধ্যে নতুন করে কোনো উত্তেজনা চাই না।"
তিনি আরও বলেন, "কিন্তু কলম্বিয়ার উস্কানিমূলক কথাবার্তায় ইকুয়েডর এবং ভেনেজুয়েলার সঙ্গে নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে।"
উল্লেখ্য, কলম্বিয়া রোববার বলেছে, ১ মার্চে ইকুয়েডরে রিভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া'র (এফএআরসি) বিদ্রোহি ঘাঁটিতে তাদের হামলা চালানোটা ন্যায়সঙ্গত পদক্ষেপ। কারণ, এফএআরসি বিদ্রোহিরা সন্ত্রাসী হামলা চালানোর জন্য ইকুয়েডকে ব্যবহার করছে।
কিন্তু শ্যাভেজ কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধাচরণ করেন এবং বলেন, কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরিবের উচিত উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য তার মন্ত্রীসভাকে পরামর্শ দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৮ঘ.
bdnews24