বাগদাদ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন ও ইরাকি বাহিনীর হামলা চলতে থাকলে ইরাক জুড়ে 'গণ অভ্যুত্থান' শুরুর হুমকি দিয়েছেন শিয়া আধ্যাত্মিক নেতা মুকতাদা আল সদর। একইসঙ্গে অবস্থান ধর্মঘট পালনের জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে, পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কুট শহরের পাঁচটি জেলার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সদরের সশস্ত্র মেহদি আর্মির ক্যাডাররা।
এক বিবৃতিতে সদর বলেন, "সংগ্রামের প্রথম পদক্ষেপ হিসেবে আমারা দেশব্যাপী জনগণকে অবস্থান ধর্মঘটের আহ্বান জানিয়েছি। এর পরও সরকার যদি জনগণের দাবি মেনে না নেয় তাহলে দ্বিতীয় পর্যায়ে 'গণ অভ্যুত্থান' গড়ে তোলা হবে।"
সদরের এক ঊর্ধ্বতন সহযোগী বিবৃতিটি পড়ে শোনান। এতে তিনি আন্দোলেনর তৃতীয় ধাপের কথাও উল্লেখ করেছেন। তবে জানিয়েছেন, এটি ঘোষণা দেওয়ার সময় এখনো আসেনি।
ইরাকের দক্ষিণের শহর বাসরায় সদরের মেহদি আর্মিসহ জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরেনের অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী।
সদর গত আগস্টে যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং গত ফেব্র"য়ারিতে তার মেয়াদ বাড়ায়। তবে তার সমর্থকেরা সোমবার বাগদাদের উপশহরের রাস্তায় নেমে এসেছে। ঘোষণা মোতাবেক সরকারের সঙ্গে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তারা জোর করে দোকানপাট বন্ধ করে দিচ্ছে।
ওই বিবৃতিতে সদর আরও বলেন, "আমাদের সমর্থকদের ওপর হামলা বন্ধের জন্য ব্যবস্থা নিতে সব ধর্মীয়, রাজনৈতিক ও সামাজের বিশিষ্ট ব্যাক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি।"
পুলিশের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কুট শহরের ১০টি জেলার মধ্যে পাঁচটি জেলার নিয়ন্ত্রণ সদরের মেহদি আর্মি ছিনিয়ে নিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন। মার্কিন যুদ্ধ বিমানও আকাশে চক্কর দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.
bdnews24