ইসলামাবাদ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন সরকারের ক্ষমতা গ্রহণের সময়ই পাকিস্তান সেনাবাহিনীতে রদবদল করলেন সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি। প্রেসিডেন্ট মুশাররফ নভেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সেনাবাহিনীতে এটাই প্রথম বড়ধরনের রদবদল।
নিরাপত্তা বিশ্লেষকরা একে সেনাবাহিনীর নিয়মিত রদবদল বলে চিহ্নিত করেছেন। অবশ্য একইসঙ্গে তারা জানিয়েছেন, মুশাররফ পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন এমন কয়েকজন শীর্ষ কর্মকর্তারও অবস্থান পরিবর্তন হয়েছে এতে।
এবারের রদবদলের সবচেয়ে উল্লেখযোগ্য হল নয় কোরের সেনাবাহিনীর দুটির কমান্ডার পরিবর্তন।
মুশাররফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল শাফায়াত উল্লাহ শাহ-কে লাহোর ভিত্তিক কোরের কমান্ডার পদ থেকে সরিয়ে সেনা সদরে 'চিফ অফ লজিসটিক্স স্টাফ' পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলে লাহোর কোরের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ইজাজ আহমেদ বকশীকে।
মুশাররফের আরেক ঘনিষ্ঠজন লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদ আকরাম-কে মাংলা ভিত্তিক কোরের কমান্ডার পদ থেকে সরিয়ে সরকারের একটি ত্রাণ সংস্থার উপপ্রধান হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছে ২০০৫ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের কাজে নিয়োজিত ওই সংস্থাটির উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ-কে।
দীর্ঘদিন ধরে মুশাররফের ক্ষমতার মূল উৎস সেনাবাহিনীতে তার অনুসারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পদের নিয়ন্ত্রণ নিয়ে বর্তমান সেনাপ্রধান নতুন সরকারকে কার্যকর সহযোগিতা দেওয়ার ক্ষেত্র প্রস্তুত করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮০৬ ঘ.
bdnews24