ইস্তাম্বুল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, উত্তর ইরাকে পিকেকে'র বিরুদ্ধে তুরস্কের লড়াইকে সমর্থন করে তার দেশ। তবে তারা এটা নিশ্চিত হতে চান যে, তুরস্কের এ লড়াইয়ের কারণে ইরাকে নতুন করে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরী হবে না। এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
নয়দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যান চেনি। তুরস্ক থেকে ইরাকে যাওয়ার কথা রয়েছে তার। ইরাকের অরবিলে কুর্দি নেতা মাসুদ বারজানির সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।
ন্যাটো মিত্র তুরস্ক এবং মধ্যপ্রাচ্যে মার্কিনিদের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ইরাকের মধ্যে সম্পর্কন্নোয়নের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
চেনির সফরসঙ্গী ওই উর্ধ্বতন কর্মকর্তা জানান, "যুক্তরাষ্ট্র অবশ্যই পিকেকে'র বিরুদ্ধে ওই লড়াইয়ে তুরস্কের পাশে রয়েছে।"
তিনি বলেন, "আমরা যেমন তুরস্কের সঙ্গে কাজ করছি তেমনি ইরাকের সঙ্গেও কাজ করছি যে কী করে যতোটা সম্ভব ফলপ্রসুভাবে পিকেকে সমস্যা মোকাবেলা করা যায়।"
তিনি বলেন, একইসঙ্গে এটাও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি যে "এ সমস্যা সমাধান করতে গিয়ে যাতে আবার ইরাকি রাজনীতির ভারসাম্য নষ্ট না হয়ে যায়।"
তুরস্কে অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের বুইয়োকানিতও সোমবার ডিক চেনির সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৬ ঘ.
bdnews24