ইসলামাবাদ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পার্লামেন্ট ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সাবেক স্পিকার গিলানিকে মনোনয়ন দেওয়ার পর সোমবার পার্লামেন্টে বিপুল ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সাধারন নির্বাচনে পিপিপি'র জয়লাভের ৫ সপ্তাহ পর গিলানি প্রধানমন্ত্রী হলেন।
৩৪২ আসন বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে ২৬৪ ভোটে জয়ী হয়েছেন গিলানি। অন্যদিকে, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী পারভেজ এলাহি পান মাত্র ৪২ ভোট। পারভেজ এলাহি প্রেসিডেন্ট মুশাররফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) এর শীর্ষ নেতা।
গিলানি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই সব আটক বিচারকদের মুক্তির নির্দেশ দিয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতি তাৎক্ষণিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। এইসঙ্গে তিনি পিপিপি নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাসেরও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী পদে গিলানির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পার্লামেন্টে 'জয় ভুট্টো', 'মুশাররফের নিপাত যাক' স্লোগান দেয় পিপিপি সমর্থকরা। বেনজিরের ছেলে বিলাওয়াল ভুট্টোও সেখানে উপস্থিত ছিলেন। তার চোখে ছিল আনন্দাশ্র"।
গিলানি বলেন, " বেনজির ভুট্টোর আত্মদানের কারণেই পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এ এক ঐতিহাসিক মুহূর্ত।"
গত ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পিপিপি বেশিরভাগ আসনে বিজয়ী হয়। কিন্তু সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে পিপিপি নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল মুসলিম লীগের (এন) সঙ্গে সমঝোতায় আসে।
সোমবার পার্লামেন্টে ভোট গ্রহণ শুরুর আগেই পিপিপি'র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, তারা গিলানির জয়ই আশা করছেন। কারণ, গিলানি পিএমএল ছাড়া আর সবদলের সর্বসম্মত প্রার্থী। সব দলই তাকে সমর্থন দিয়েছে।
প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি যতদিন না উপনির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের সদস্য হচ্ছেন ততদিনের জন্য জন্য ইউসুফ রাজা গিলানিকে পিপিপি প্রধানমন্ত্রী পদে রাখতে চায় বলে জল্পনা রয়েছে। জারদারি পার্লামেন্টের সদস্য হলে তিনিই হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তবে সোমবার সংবাদত্র প্রকাশিত এক বিবৃতিতে জারদারি এ ধারণা বাতিল করে দিয়ে বলেছেন, গিলানি পুরো পাঁচ বছর মেয়াদেই পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24