২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরাজন একুইনো ক্যান্সারে আক্রান্ত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট এবং গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনো কোলন ক্যান্সারে আক্রান্ত। তার পরিবারের সদস্যরা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ম্যানিলা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট এবং গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনো কোলন ক্যান্সারে আক্রান্ত। তার পরিবারের সদস্যরা সোমবার একথা জানিয়েছেন। কোরাজন একুইনোর মেয়ে ক্রিস টেলিভিশনে প্রাচরিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দু'সপ্তাহ আগে তার ক্যান্সার ধরা পড়েছে। সাবেক এই প্রেসিডেন্টের বর্তমান বয়স ৭৫। বিশ শতকে এশিয়ার অন্যতম কুখ্যাত স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসকে ক্ষমতাচ্যুত করে এক অবিস্মরণীয় সেনা-জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৯৮৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হন একুইনো। ১৯৯২ সালে উত্তরসূরী ফিদেল রামোসের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। ১৯৮৬ সালে ব্যাপক কারচুপির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে একুইনোর পরাজয় ঘোষণা করা হয়। কিন্তু নিজের জয় দাবি করে রাজপথে বিক্ষোভ শুরু করেন তিনি। তার পক্ষে দাঁড়ায় সেনাবাহিনীর একটি অংশসহ লাখ লাখ মানুষ। উত্তাল দিনগুলোতে একুইনো সমর্থিত সেনা-বিদ্রোহিদের বিরুদ্ধে সামরিক বাহিনীর দমনাভিযান শুরু হলে তা প্রতিহত করতে ম্যানিলার রাজপথে নেমে আসে প্রায় ১০ লাখ মানুষ। একুইনোর নেতৃত্বে লাখো মানুষের মিছিল তখন আক্ষরিক অর্থেই ফুল হাতে দাঁড়িয়ে রাজপথে সেনাবাহিনীর ট্যংক থামিয়ে দেয়। ওই উত্তাল জনস্রোতে স্বৈরশাসক ফার্ডিনান্ড দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। অভ্যুত্থানের নেতা হিসেবে তার সাফল্য সত্ত্বেও একজন শাসক হিসেবে সফলতা পাননি একুইনো। অবশ্য তার শাসনামলে সংবিধানের অনেক সংস্কার করেন তিনি। এর মধ্যে একাধিক মেয়াদে প্রেসিডেন্ট থাকার বিধান বাতিল করে এক দফায় ৬ বছরের মেয়াদ নির্ধারণ অন্যতম। ১৯৩৩ সালের ২৫ জানুয়ারি একটি বিত্তবান রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন কোরাজন কোজুয়াঙ্কো ওরফে কোরাজন একুইনো। দেশের অন্যতম প্রতিশ্র"তিশীল রাজনৈতিক নেতা বেনিগনো একুইনো জুনিয়রের সঙ্গে বিয়ের পর কোরাজন একুইনো নামে পরিচিত হন তিনি। স্বামীর অস্বাভাবিক মৃত্যু তাকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে আসে। স্বৈরশাসক মার্কোসের আমলে কারাভোগ এবং যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনের শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে আততায়ীর গুলিতে নিহত হন বেনিগনো একুইনো। স্বামীর মৃত্যুর জন্য মার্কোসকে দায়ী করে রাজপথে বিক্ষোভে নামেন কোরাজন। পরে ৮৬ সালেই মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন মার্কোস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.