২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে তিব্বতি বিক্ষোভ, ২৫০ জন আটক

কাঠমান্ডুতে নির্বাসিত তিব্বতিদের চীন-বিরোধী বিক্ষোভ সোমবার ছত্রভঙ্গ করেছে নেপালি পুলিশ। আটক হয়েছে অন্ততপক্ষে ২৫০ জন বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

কাঠমান্ডু, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কাঠমান্ডুতে নির্বাসিত তিব্বতিদের চীন-বিরোধী বিক্ষোভ সোমবার ছত্রভঙ্গ করেছে নেপালি পুলিশ। আটক হয়েছে অন্ততপক্ষে ২৫০ জন বিক্ষোভকারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্লাস্টিকের ঢালধারী পুলিশ বিক্ষোভকারিদের টেনে হিঁচড়ে ভ্যান ও ট্রাকে তুলে কারাগারে নিয়ে গেছে। বিক্ষোভকারীরা নেপালের কঠোর নিরাপত্তাধীন জাতিসংঘ কার্যালয় অভিমুখে মিছিল করার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা পশুপতি উপাধ্যায় বলেন, "রাস্তা অবরোধে করে রাখার কারণে আমরা তাদের আটক করেছি।" তবে বিক্ষোভকারীদের ভদ্রভাবেই আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে, হাতাহাতির সময় অনেক তিব্বতি আহত হয়েছে। নেপালে প্রায় প্রতিদিনই নির্বাসিত তিব্বতিরা বিক্ষোভ করছে। গত সপ্তাহে জাতিসংঘ নেপাল সরকারের প্রতি শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা দেয়ার আহ্বান জানায়। নেপালে প্রায় ২০ হাজার তিব্বতির বাস। ১৯৫৯ সালে চীনাশাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তারা নেপালে বাস করছে। তবে তাদের কোন রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের অনুমতি নেই। উল্লেখ্য, ১০ মার্চ তিব্বতের রাজধানী লাসায় চীনা শাসন বিরোধী অভ্যুত্থানের ৪৯ বছর পূর্তি উদযাপন করা থেকে বিক্ষোভের সূত্রপাত হয়ে পরে তা দাঙ্গায় রূপ নিয়েছে। এ ঘটনার জেরে চীন এবং বিশ্বের অন্যান্য প্রান্তের তিব্বতিরাও চীন বিরোধী বিক্ষোভে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৪ঘ.