দুবাই, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিশোধ নিতে ইসরায়েলসহ পশ্চিমা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল- জাওয়াহিরি। সোমবার ইন্টারনেটে প্রচারিত একটি অডিও টেপে তিনি এ আহ্বান জানান।
আল কায়েদার গণমাধ্যম শাখা আস- সাহাব এই তৈরি এই ভিডিও টেপে অবিকল জাওয়াহিরির মতো কণ্ঠে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, "হে মুসলিমগণ, আজ তোমাদের দিন, তোমরা মার্কিনি এবং ইহুদিদের স্বার্থে আঘাত হানো। হামলা কর তাদের ওপর যারা মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসনে নেমেছে।"
নির্দিষ্ট কোন কিছুর নাম উল্লেখ না করে জাওয়াহিরি বলেন, "লক্ষ্যবস্তু চিহ্নিত কর, অর্থ সংগ্রহ কর, সরঞ্জামাদি সংগ্রহ কর, সুচারুভাবে পরিকল্পনা কর, তারপর হামলা চালাও।"জাওয়াহিরি আরও বলেন, "আমাদের যে শুধু ফিলিস্তানেই ইহুদিদের সঙ্গে লড়াই করা উচিৎ সেকথা আজ কেউই বলতে পারবে না।"
জাওয়াহিরি বিশ্বের মুসলিমদেরকে গাজায় ইসরায়েলি বিমান হামলার স্বীকার ফিলিস্তানিদের সহায়তা করতে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, "তাদের বুঝিয়ে দাও যে, মুসলমানদের হত্যা করার পেছনে ব্যয় করা প্রতিটি ডলারের জন্যই তাদের রক্ত ঝরবে।"
তিনি পশ্চিমা বিশ্বে হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন সম্পর্কে বলেন, "তারা আমাদের নবীকে অপমান করতে পারে না এবং ইসরায়েলকে সমর্থন করতে পারে না। দেশে শান্তিতে বাস করার প্রত্যাশাও তারা করতে পারে না।"
আরব দেশগুলোর নেতাদের প্রতি অভিযোগ করে জাওয়াহিরি বলেছেন, তারা ফিলিস্তিনিদের গাজায় অবরোধ করে রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। এছাড়াও সৌদি আরব, মিসর এবং জর্ডানের নেতাদেরকে 'শয়তানের জোটে'র অংশ বলে অভিহিত করেছেন জাওয়াহিরি।
তিনি আরও বলেন," এই শয়তানের জোট তাদের কদর্য রূপ প্রদর্শন করে চলেছে এবং তারা কতটা নীচ তা ও দেখিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৭ঘ.
bdnews24