২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে হামাস-ফাতাহ সংহতি চুক্তি স্বাক্ষর

সরাসরি আলোচনা শুরুর অঙ্গীকার করে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস ও ফাতাহ রোববার ইয়েমেনের মধ্যস্থতায় একটি সংহতি চুক্তিতে স্বাক্ষর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

সানা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরাসরি আলোচনা শুরুর অঙ্গীকার করে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস ও ফাতাহ রোববার ইয়েমেনের মধ্যস্থতায় একটি সংহতি চুক্তিতে স্বাক্ষর করেছে। ইয়েমেনের রাজধানী সানায় হামাসের পক্ষে প্রধান আলোচক মুসা আবু মারজুক এবং ফাতাহ'র ঊর্ধ্বতন কর্মকর্তা আজম আল-আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে ফিলিস্তিনি জনগণের একতা, আঞ্চলিক ও প্রশাসনিক সংহতির প্রতিশ্র"তি দেওয়া হয়। সানা ঘোষণায় বলা হয়, "গাজার ঘটনার আগে ফিলিস্তিন যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসার জন্য আলোচনা শুরু করতে ইয়ামেনের মধ্যস্থতায় আমরা হামাস ও ফাতাহ'র প্রতিনিধিরা রাজি।" ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র মধ্যস্থতায় গত সপ্তাহ থেকে শুরু হওয়া আলোচনা এর আগে কয়েক দফায় ভেঙে যায়। তবে শেষ পর্যন্ত হামাস ও ফাতাহ সমঝোতায় পৌঁছতে সক্ষম হল। ফাতাহকে লড়াইয়ে হারিয়ে গত বছরের জুন মাসে গাজার দখল নিয়ে নেয় হামাস। এর পর থেকে পুরো ফিলিস্তিন এলাকা প্রশাসনিকভাবে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিত তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বসের ফাতাহ গ্র"পের শাসন চললেও গাজা এলাকায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে হামাস। ফিলিস্তিনকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা অনুযায়ী, দুপক্ষকে সরাসরি আলোচনা শুরুর জন্য চাপ দিয়ে আসছিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ। কিন্তু ফাতাহ দাবি করে আসছে, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। হামাসের এক কর্মকর্তা গত শনিবার জানান, ইসরায়েল অধিকৃত গাজা পশ্চিম তীর এলাকায় তারাও একই দাবি করতে পারে। পশ্চিম তীরে হামাস নিয়ন্ত্রিত সরকার ভেঙে দিয়েছে ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ। ইয়েমেনের পরিকল্পনা অনুযায়ী, আরও একবার জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠান জরুরি। এছাড়া ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীকে গোষ্ঠীভিত্তিক না করে জাতীয় ভিত্তিকভাবে গড়ে তুলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.