তাইপে, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাতিসংঘে যোগদান প্রশ্নে তাইওয়ানের আয়োজিত গণভোটের ব্যর্থতাকে স^াগত জানিয়েছে চীন। তাইওয়ানের গণমাধ্যম একথা জানিয়েছে। জাতিসংঘের সদস্যপদ পাওয়া নিয়ে তাইওয়ানের গণভোটের পরিকল্পনাকে চীন বরাবরই নিন্দা জানিয়ে এসেছে।
'রিপাবলিক অব চায়না' এর পরিবর্তে 'তাইওয়ান' নামে জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা তাইওয়ানের উচিত কিনা--- গণভোটের বিষয় ছিল এটি। কিন্তু জাতিসংঘে যোগদানের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পড়ায় মুখ থুবড়ে পড়ল তাইওয়ানের ওই পরিকল্পনা।
তবে গণভোট ছাড়াও তাইওয়ানের পক্ষে জাতিসংঘ সদস্যপদ পাওয়াটা প্রশ্নাতীত। কারণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাইওয়ানকে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা মোট ২৩ টি। যেখানে এই পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ চীনের পক্ষে আছে প্রায় ১৭০ টি দেশ।
চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় এর মুখপাত্র লি ওয়েউই বেইজিংয়ে তাইওয়ানি সাংবাদিকদের বলেছেন, "জাতিসংঘে যোগদান প্রশ্নে জনমত নিতে তাইওয়ানের চেন সুই বিয়ান প্রশাসন গণভোট অনুষ্ঠান করেছে। কিন্তু তা ব্যর্থ হয়েছে। তাইওয়ান নামে জাতিসংঘে তাইপের যোগদান মানুষ সমর্থন করেনি। এতেই বোঝা যায়, জনগণ তাইওয়ানের স্বাধীনতাকামীদের পক্ষে নেই।"
লি বলেন, "তাইওয়ানের জনগণ চীনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় এবং আমাদের সবাইকেই এ লক্ষ্য কঠোর পরিশ্রম করতে হবে।"
উল্লেখ্য, ১৯৪৯ সালের গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান নিজেদের আলাদা দেশ দাবি করে আসলেও চীন এখনও তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে। তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের চেষ্টা এবং স্বাধীনতার পক্ষে যে কোনো পদক্ষেপ রুখতে প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে বলেও বরাবরই হুমকি দিয়ে এসেছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৩ঘ.
bdnews24