নিকোশিয়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একত্রীকণের উদ্দেশ্যে শান্তি আলোচনা শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে গ্রিক ও তুর্কি সাইপ্রাস তাদের মধ্যকার প্রায় অর্ধশতাব্দীর একটি ব্যারিকেড সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত শুক্রবার আলোচনার সময় এই ব্যারিকেডটি সরিয়ে নিতে রাজি হয় উভয় অংশের নেতারা।
গ্রিক ও তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী নিকোশিয়াকে বিভক্তকারী লেদরা স্ট্রিটের এই ব্যারিকেডটি সরিয়ে নিতে তারা আগামী সোমবার থেকে কাজ শুরু করবে।
নিকোশিয়ার গ্রিক সাইপ্রাস অংশের মেয়র এলিনি ম্যাভরও রয়টার্সকে বলেন, "যদি সবকিছু পরিকল্পনা মাফিক আগায় তাহলে আগামী ৩১ মার্চের মধ্যে সড়কটি চালু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।"
অন্যদিকে তুর্কি অংশের মেয়র ক্যামেল বুলুতগলুলারি বলেন, "যতদুর জানি আমরাও প্রস্তুত।"
গত মাসে গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস ক্ষমতায় আসার পর তুর্কি সাইপ্রাসের নেতা মাহমেত আলী তালাতের সঙ্গে গত শুক্রবার প্রথম বৈঠক করেন। বৈঠকে তারা আগামী তিন মাসের মধ্যে আবার আলোচনায় বসা ছাড়াও দুই সাইপ্রাসের মধ্যকার এই ব্যারিকেডটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার ব্যাপারেও রাজি হন।
যুদ্ধের পর বিভক্ত হয়ে পড়া সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার জাতিসংঘ নিয়ন্ত্রিত একটি এলাকায় দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ এই বৈঠকের আয়োজন করে।
দুই নেতার বৈঠক শেষে সাইপ্রাসে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মিখায়েল মোলার বলেন, "তিন মাসের মধ্যে আবার আলোচনায় বসতে দুই নেতাই রাজি হয়েছেন। এছাড়া লেদরা স্ট্রিটটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার বিষয়েও তারা একমত হয়েছেন।"
গত মাসে গ্রিক সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেমেত্রিস ক্রিস্টোফিয়াস একত্রীকরণ নিয়ে তুর্কি সাইপ্রাসের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। আলোচনা শুরু করতে সময় নষ্ট না করার জন্য তাকে আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন ও সাইপ্রাসের গণমাধ্যম।
বিশ্লেষকরা জানিয়েছেন, উভয়পক্ষই জানে একত্রীকরণের ক্ষেত্রে সাইপ্রাসের জন্য এটাই হতে পারে শেষ সুযোগ। বিভক্তিই সাইপ্রাসের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, একই কারণে ওই অঞ্চলে ন্যাটো সদস্যভুক্ত দুই দেশ তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা চলছে।
গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়।
উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.
bdnews24