২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান ইরিত্রিয়ার

মানবাধিকার লঙ্ঘনের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ নাকচ করে ইরিত্রিয়া শনিবার বলেছে, যুক্তরাষ্ট্রেরও উচিত নিজেদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি একই মাপকাঠিতে মেপে দেখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

আসমারা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবাধিকার লঙ্ঘনের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ নাকচ করে ইরিত্রিয়া শনিবার বলেছে, যুক্তরাষ্ট্রেরও উচিত নিজেদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি একই মাপকাঠিতে মেপে দেখা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের কথা উল্লেখ করে ইরিত্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "গুজবের ওপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন, অতিরঞ্জন, মিথ্যা ও কল্পনাপ্রসূত তথ্যে ঠাসা।" মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই অভিযোগ করে, লোহিত সাগর অঞ্চলের এই দেশটি অন্যতম মানবাধিকার লঙ্ঘনকারী দেশ। তাদের অভিযোগ, দেশটিতে হত্যা, অত্যাচার, নিপীড়ন ও বেআইনিভাবে আটকে রাখার ঘটনা নিত্যনৈমিত্তিক। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ২০০৭ সালের মানবাধিকার প্রতিবেদনে বলেছে, ইরিত্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইরিত্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, "সবচেয়ে অদ্ভুত বিষয় হল যুক্তরাষ্ট্র নিজেদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো এভাবে দেখে না। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের বিচার করার সময় তাদের মাপকাঠি ভিন্ন।" ইরিত্রিয়া ও ইথিওপিয়ার মধ্যকার এক হাজার কিলোমিটার সীমান্তে ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত উভয় দেশের সংঘাত হয়। সীমান্ত সমস্যার বিষয়ে যুক্তরাষ্ট্র ইথিওপিয়াকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ইরিত্রিয়া। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরিত্রিয়ার মধ্যে সম্পর্ক এখন বেশ খারাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫৮ ঘ.