বাগদাদ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৩ সালের মার্চে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর গত পাঁচ বছরে সেখানে নিহত মার্কিন সেনার সংখ্যা চার হাজার পূর্ণ হতে চলেছে।
শনিবার রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে এক সেনা নিহত হওয়ার পর এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়াল ৩,৯৯৬ জনে।
মার্কিন বাহিনী এর আগে জানিয়েছিল, সেনাবহরে বোমা হামলায় দুই সেনা নিহত ও অপর দুজন আহত হয়েছে। পরে তারা জানায়, আহত দুই সেনাও মারা গেছে। ওই হামলায় দুই ইরাকি বেসামরিক ব্যক্তিও নিহত হয়।
নিহত মার্কিন সেনার সংখ্যা চার হাজার হতে চলায় ইরাক যুদ্ধের সমালোচকরা ইরাক থেকে দ্রুত সেনা প্রত্যাহারের জন্য আবারও বুশ প্রশাসনকে আহ্বান জানাতে পারে।
ইরাকে নিহত মার্কিন সেনাদের বেশিরভাগ মারা গেছে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুরাবস্থার কারণে মার্কিন গণমাধ্যমে ইরাক যুদ্ধের সমালোচনা অনেকটা ধামাচাপা পড়ে গেলেও প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় অন্যতম ইস্যু ইরাক যুদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৫০ ঘ.
bdnews24