২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একত্রীকরণ নিয়ে আবার আলোচনায় রাজি দুই সাইপ্রাস

একত্রীকরণ নিয়ে আগামী তিন মাসের মধ্যে আরেক দফা আলোচনায় বসতে রাজি হয়েছেন সাইপ্রাসের নেতারা। শুক্রবার এক বৈঠক শেষে তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

নিকোশিয়া, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একত্রীকরণ নিয়ে আগামী তিন মাসের মধ্যে আরেক দফা আলোচনায় বসতে রাজি হয়েছেন সাইপ্রাসের নেতারা। শুক্রবার এক বৈঠক শেষে তারা একথা জানিয়েছেন। গত মাসে গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস ক্ষমতায় আসার পর তুর্কি সাইপ্রাসের নেতা মাহমেত আলী তালাতের সঙ্গে শুক্রবার প্রথম বৈঠক করেন। বৈঠকে তারা দুই সাইপ্রাসের মধ্যকার একটি মহাসড়ক যত দ্রুত সম্ভব খুলে দেওয়াা ব্যাপারেও একমত হয়েছেন। যুদ্ধের পর বিভক্ত হয়ে পড়া সাইপ্রাসের রাজধানী নিকোশিয়ার জাতিসংঘ নিয়ন্ত্রিত একটি এলাকায় দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ এই বৈঠকের আয়োজন করে। দুই নেতার বৈঠক শেষে সাইপ্রাসে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মিখায়েল মোলার বলেন, "তিন মাসের মধ্যে আবার আলোচনায় বসতে দুই নেতাই রাজি হয়েছেন। এছাড়া লেদরা স্ট্রিটটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার বিষয়েও তারা একমত হয়েছেন।" গত মাসে গ্রিক সাইপ্রাসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেমেত্রিস ক্রিস্টোফিয়াস একত্রীকরণ নিয়ে তুর্কি সাইপ্রাসের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন। আলোচনা শুরু করতে সময় নষ্ট না করার জন্য তাকে আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন ও সাইপ্রাসের গণমাধ্যম। বিশ্লেষকরা জানিয়েছেন, উভয়পক্ষই জানে একত্রীকরণের ক্ষেত্রে সাইপ্রাসের জন্য এটাই হতে পারে শেষ সুযোগ। বিভক্তিই সাইপ্রাসের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, একই কারণে ওই অঞ্চলে ন্যাটো সদস্যভুক্ত দুই দেশ তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা চলছে। গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়। উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৮ ঘ.