লন্ডন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাখি গান গেয়ে জানান দেয় বসন্ত এসেছে। সহজাত জৈব প্রবৃত্তি থেকেই পাখি দিন বদলের সঙ্গে সঙ্গে এভাবে সাড়া দেয় দেয়। উদ্দেশ্য থাকে সঙ্গী খুঁজে পাওয়া। গবেষকরা বুধবার একথা জানিয়েছেন।
ন্যাচার জার্নালের এক প্রতিবেদনে জাপানি ও ব্রিটিশ গবেষকরা জানিয়েছেন, পাখি যখন দীর্ঘ সময়ের জন্য আলোতে বের হয় তখন তাদের মস্তিষ্কের কিছু কোষে কতগুলো হরমোনের ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়। এই হরমোনগুলো তাদের উত্তেজিত করতে থাকে একজন সঙ্গী খুঁজে বের করার জন্য। আর তাই পাখি গান গেয়ে সঙ্গী খুঁজে।
রোসলিন ইনস্টিটিউটের গবেষক পিটার শার্প বলেন, "আমরা জানি ঋতুভিত্তিক এই পরিবর্তনের প্রভাব মস্তিষ্কের কোন অংশে পড়ে। তবে সেটা কি কারণে এবং কিভাবে তা এখনও জানতে পারিনি।"
তাকাশি ইউশিমুরার নেতৃত্বাধীন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল, আলোর তারতম্য মস্তিষ্কের কোন জিনের ওপর কি প্রভাব ফেলে তা দেখার জন্য তিতির পাখির মস্তিষ্কে বিদ্যমান ৩৮ হাজার জিন নমুনা হিসেবে স্ক্যান করে দেখেছেন।
পাখি যখন অধিক মাত্রায় আলো গ্রহণ করে তখন মস্তিষ্কের সম্মুখভাগের কিছু কোষ সক্রিয় হয়ে ওঠে এর ফলে মস্তিস্ক থেকে উদ্দীপক থাইরয়েড হরমোন নিঃসরণ শুরু হয়।
শার্প এক টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন, "অতীতে এ ধরনের পরীক্ষা-নীরিক্ষা অসম্ভব ছিল, কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে আমরা হাজার হাজার জিন স্ক্যান করে জানতি পারছি ঋতুভিত্তিক পরিবর্তন পাখিদের মস্তিস্কের কোন অংশকে প্রভাবিত করে।"
গবেষকরা জানিয়েছেন, এই হরমোন অন্যান্য হরমোনের সহযোহিতায় পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে এবং জীবদেহের বৃদ্ধি ও রাসায়নিক রূপান্তরে সহায়তা করে। এর ফলেই পাখিরা তাদের সঙ্গী খুঁজে পেতে গান ধরে।
গবেষকরা আরও জানিয়েছেন, গবেষণার এই ফলাফল ভবিষ্যতে মানুষের বন্ধ্যাত্বের চিকিৎসায় ভূমিকা রাখতে পারে। কেননা মানুষের মস্তিস্কেও এই ধরনের কোষ একই কাজ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24