২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবছর পূর্তিতে ইরাক যুদ্ধের জয়গান বুশের

ইরাক আগ্রাসনের ৫ বছর পূর্তিতে বুধবার আবারও যুদ্ধের জয়গান গাইলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অত্যন্ত ব্যয়বহুল, সম্পদ ও প্রাণহানিকর অজনপ্রিয় ইরাক যুদ্ধ নিয়ে কোনো দু:খবোধ নেই উল্লেখ করে বুশ জোরকন্ঠে বলেন, "এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ের পথেই রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 06:55 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ওয়াশিংটন, বুধবার মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ইরাক আগ্রাসনের ৫ বছর পূর্তিতে বুধবার আবারও যুদ্ধের জয়গান গাইলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অত্যন্ত ব্যয়বহুল, সম্পদ ও প্রাণহানিকর অজনপ্রিয় ইরাক যুদ্ধ নিয়ে কোনো দু:খবোধ নেই উল্লেখ করে বুশ জোরকন্ঠে বলেন, "এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ের পথেই রয়েছে।" ইরাক যুদ্ধের ৫ বছর পূর্তি পালন উপলক্ষ্যে পেন্টাগনে এক ভাষণে বুশ বলেন, "ইরাক মিশনে যে সফলতা আমরা পাচ্ছি তা অস্বীকার করা যায় না।" উল্লেখ্য, প্রেসিডেন্সির মেয়াদ শেষের এই আসন্ন মুহূর্তে এবং জনপ্রিয়তায় ধ্বসের শেষ সীমায় এসে বুশ ইরাক যুদ্ধে প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা নিয়েছেন। কারণ এই যুদ্ধ বিদেশে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আর বুশের প্রেসিডেন্সির ভাগ্য নির্ধারণেও এর প্রভাব অবশ্যম্ভাবী। বুশের সামনে এখন বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে মন্দা, আসন্ন নির্বাচন এবং ইরাক যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন মার্কিনিদের মনোযোগ আকর্ষণ করা। বুশের ডেমোক্র্যাট সমালোচকদের অভিযোগ, রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুলভাবে এ যুদ্ধে নেমেছেন এমনকী এ থেকে বেরিয়ে আসার কৌশল নিতেও ব্যর্থ হয়েছেন। পেন্টাগনে উপস্থিত সেনা কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দেশ্যে ভাষণে বুশ বলেন, "পাঁচ বছরব্যাপী ইরাক যুদ্ধ নিয়ে অনেক বাকবিতন্ডা হয়েছে। এ যুদ্ধ আসলেই চালিয়ে যাওয়া যায় কিনা, জয়ের সম্ভাবনা আছে কিনা বা শেষ পর্যন্ত যুদ্ধ জয় করা যাবে কিনা--- বিতর্ক চলেছে এসব নিয়ে।" বুশ আরও বলেন, " এর উত্তর আমার কাছে পরিস্কার। আর তা হল সাদ্দাম হোসেনকে উৎখাত করার সিদ্ধান্ত সঠিক ছিল। আর এ যুদ্ধ যুক্তরাষ্ট্র জয় করতে সক্ষম এবং জয় করবেই।" ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনের ইরাক থেকে আগেভাগেই সেনা ফিরিয়ে আনার আহ্বান প্রত্যাখ্যান করে বুশ গত বছর ইরাকে সেনা বাড়ান। সেনা বাড়িয়েই ইরাকে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে বলে জানান দেন তিনি। জোরের সঙ্গেই তিনি বলেন, সেনা সরালে সেখানে আল-কায়েদা এবং ইরান উৎসাহিত হত। এতে যুক্তরাষ্ট্র ঝুঁকির মুখে পড়ত। ইরাকে আল-কায়েদা বিরোধী লড়াইয়ে সুন্নিদের ক্রমবর্ধমান সহযোগিতার কথা উল্লেখ করে বুশ বলেন, "সেনা বাড়িয়ে ইরাকে নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আর এতেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের খৌশলগত জয়লাভের পথ খুৃলে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫০ঘ.