জেরুজালেম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্টে (নেসেটে) বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, হলোকস্ট (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনযজ্ঞ) জার্মানদের জন্য লজ্জাকর। একইসঙ্গে তিনি বলেন, প্রত্যেক জার্মান চ্যান্সেলরই ইসরায়েলের নিরাপত্তায় জার্মানির "ঐতিহাসিক দায়িত্ব" অনুভব করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্মগ্রহণকারী এবং ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রিত প্রথম জার্মান চ্যান্সেলর ম্যারকেল।
ইসরায়েলের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রোববার শুরু হওয়া ম্যারকেলের এ তিন দিনের ইসরায়েল সফরকে প্রতীকী তাৎপর্যপূর্ণ উল্লেখ করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা এবং অন্যান্য প্রসঙ্গের মধ্যে ম্যারকেলের এ সফরে তিনি সবচেয়ে বেশি গুরত্ব দেন ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হুমকির প্রতি।
ম্যারকেল বলেছেন, "সোয়াহ (হলোকস্ট এর হিব্র" প্রতিশব্দ) আমাদের জার্মানদের লজ্জাবনত করে দেয়।"
তিনি বলেন, "আমি হলকস্টের শিকার হওয়া লোকজনদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা হলোকস্টের কবল থেকে বেঁচে যাওয়াদের সহায়তা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।"
ইরান প্রসঙ্গে তিনি বলেন, "ইরান বোমা বানাচ্ছে এটা প্রমাণ করা বিশ্বের দায়িত্ব নয়... বরং এটা ইরানের দায়িত্ব ...তারা প্রমাণ করুক যে তারা বোমা বানাতে চায় না।"
নিজের মাতৃভাষাতেই ইসরায়েলি পার্লামেন্ট 'নেসেটে' বক্তব্য রাখেন ম্যারকেল। কিন্তু জার্মান ভাষায় তার বক্তব্য রাখার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানান নেসেটের পাঁচ সদস্য। অবশ্য হিব্র" ভাষায় বক্তব্য শুরু ও শেষ করে অনেকেরই প্রশংসা পান ম্যারকেল। এছাড়াও কথার মাঝে কিছু কিছু ভাঙ্গা হিব্র"র মিশেলও দেন তিনি।
"আজ এই মহতী অ্যাসেম্বলিতে কথা বলার সুযোগ আমার জন্য বিরাট সম্মানের"- হিব্র" ভাষায় এ কথাগুলো বলার মধ্য দিয়েই নিজের বক্তব্য শুরু করেন ম্যারকেল।
এরপর জার্মান ভাষায়, "আমাকে এখানে আমার মাতৃভাষায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি" বলে তিনি ভাষণ চালিয়ে যেতে শুরু করেন।
সবশেষে " ইসরায়েলি রাষ্ট্রের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শ্যালোম ।" বলে ম্যারকেল তার ভাষণ শেষ করলে করতালিতে ফেটে পড়ে নেসেট।
ম্যারকেলের ভাষণের পর নেসেটে বক্তব্য রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ম্যারকেলকে "সব সময়ের বন্ধু" উল্লেখ করেন এবং বলেন, "জার্মানির সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নির্মম অন্ধকার অধ্যায় দূরে সরে যাচ্ছে"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24