২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদের অচলায়তন ভেঙে বেরিয়ে আসুন: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডেমোক্র্যাট সিনেটর বারাক ওবামা শেষ পর্যন্ত বর্ণবাদ প্রসঙ্গে মুখ খুলেছেন। ফিলাডেলফিয়ায় এক জনসভায় ওবামা আমেরিকায় বর্ণবৈষম্যের দীর্ঘ ইতিহাস তুলে ধরে যুক্তরাষ্ট্রকে এ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ফিলাডেলফিয়া, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) -- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডেমোক্র্যাট সিনেটর বারাক ওবামা শেষ পর্যন্ত বর্ণবাদ প্রসঙ্গে মুখ খুলেছেন। ফিলাডেলফিয়ায় এক জনসভায় ওবামা আমেরিকায় বর্ণবৈষম্যের দীর্ঘ ইতিহাস তুলে ধরে যুক্তরাষ্ট্রকে এ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সাদা আর কালোর মধ্যকার ক্ষোভ, দন্দ্বের বিষয়টি বোঝেন উল্লেখ করে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এই ইস্যু এড়িয়ে যেতে পারে না। ওবামা বলেন, "এই ক্ষোভ বাস্তব এবং অত্যন্ত শক্তিশালী। কিন্তু এই ক্ষোভের আসল কারণটা না বুঝেই এই নিন্দা করতে যাওয়াটা মোটেই সমীচীন নয়। এতে সাদা-কালোর মধ্যে যে দ্বন্দ্ব আছে তা আরও বেড়ে যায়। ভুলবোঝাবুঝি সৃষ্টি হয়।" কৃষ্ণাঙ্গ বাবা এবং শেতাঙ্গ মারেয়র সন্তান ওবামা বলেন, দুই বর্ণের ক্ষোভই তিনি খুব ভালো করে বোঝেন। আর এই দ্বন্দ্ব-ক্ষোভের অচলায়তন থেকেই বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসতে পারছে না। আর একটি নির্বাচনের মধ্য দিয়েই যে তা কাটিয়ে ওঠা যাবে তাও তিনি বিশ্বাস করেন না। তবে তিনি বলেন, তার বিশ্বাস সবাই মিলে একযোগে চেষ্টা করলে বর্ণবৈষম্য কিংবা বর্ণবাদের ক্ষত কাটিয়ে ওঠার পথে এগিয়ে যাওয়া সম্ভব হবে। বর্তমান সময়ে বর্ণবাদ ইস্যুকে আর এড়িয়ে না চলার আহ্বান জানিয়ে ওবামা বলেন, "এ ইস্যু সমাধান এড়িয়ে যেতে থাকলে আমরা কখনই এক হয়ে কাজে নামতে পারব না। চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব না।" পেনিসিলভেনিয়া সিটির ফিলাডেলফিয়ার জনসভায় ওবামা তার ধর্ম উপদেষ্টা রেভ জেরিমিয়ার সমালোচনা করেন। তিনি বর্ণবাদ বিষয়ে রেভ জেরিমিয়া রাইটস'র বক্তব্যকে সম্পূর্ণ একপাক্ষিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রকে বর্ণবাদের অচলায়তন ভেঙে বেরিয়ে আসার আহ্বানে তিনি তাকেও শামিল হওয়ার আহ্বান জানান। ওবামা আরও বলেন, "আমাদের কোনো একটি পথ বেছে নেওয়ার সুযোগ আছে। আমরা বিভাজন, সংঘর্ষ এবং হতাশার জন্ম দেয় এমন রাজনীতি গ্রহণ করতে পারি। কিংবা এই মূহুর্তে, এই নির্বাচনে আমরা একযোগে বলতে পারি, 'এই সময়ে নয়'।" তিনি বলেন, "বর্ণবাদের মধ্যে আমরা বছরের পর বছর ধরে ঘুরপাক খেলেও আমার অন্তরের বিশ্বাস, সেইসঙ্গে ঈশ্বর এবং দেশে জনগণের ওপর বিশ্বাস থেকে বলতে পারি, আমরা সবাই এক হয়ে কাজ করলে বর্ণবাদের কিছু ক্ষত আমরা কাটিয়ে উঠতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪৪ঘ.