ইসলামাবাদ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- পাকিস্তানের নতুন পার্লামেন্টে বুধবার প্রথম নারী স্পিকার নির্বাচিত হয়েছেন ড. ফাহমিদা মির্জা। ৫১ বছর বয়স্ক মির্জা একজন অভিজ্ঞ রাজনীতিক। সিন্ধু প্রদেশে প্রয়াত বেনজির ভুট্টোর জেলা থেকে তিনি পরপর তিনবার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। পেশায় তিনি একজন কৃষিবিদ ও ব্যবসায়ী। চিকিৎসা শাস্ত্রেও স্নাতক ডিগ্রি রয়েছে তার।
স্পিকার পদে মির্জার শপথ গ্রহণের আগে বিদায়ী স্পিকার চৌধুরি আমীর হুসেইন বলেন, "পার্লামেন্ট নতুন স্পিকার নির্বাচিত করায় আমি আনন্দিত। তিনিই হবেন পার্লামেন্টের প্রথম নারী স্পিকার। তার অভিজ্ঞতা বিচারে আমি বলতে পারি, তিনি সবচে ভালো স্পিকারদের মধ্যে স্থান করে নিতে পারবেন।"
মির্জা নির্বাচিত হওয়ার আগে সোমাবার বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) স্পিকার পদে মির্জার এবং ডেপুটি স্পিকার পদে ফয়সাল করিম কুন্ডির নাম প্রস্তাব করে। খবর বিবিসি ও ডন পত্রিকার।
বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে ভোটাভুটিতে এ প্রস্তাব পাস হওয়ায় ড. মির্জাই পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হলেন।
সকাল ১১টায় অধিবেশন বসে। মির্জা ৩৪২ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ২৪৯ ভোট পান। এর মধ্য দিয়ে পার্লামেন্টে পিপিপি'র শক্তিরই বহিঃপ্রকাশ ঘটল এবং দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভে পিপিপি'র বলিষ্ঠ ভূমিকার ইঙ্গিতও স্পষ্ট হল।
উল্লেখ্য, ফাহমিদার স্বামী জুলফিকার মির্জা বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সহচর ও সিন্ধু প্রাদেশিক পরিষদে পিপিপির নির্বাচিত সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমএইচবি/এলকিউ/১৭৪০ঘ.
bdnews24