২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সংহতি সম্মেলন শুরুতেই পণ্ড

ইরাকে বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘপ্রতিক্ষীত সংহতি সম্মেলন মঙ্গলবার শুরুতেই পণ্ড হয়েছে। সম্মেলন বসতে না বসতেই তা থেকে বেরিয়ে যায় সুন্নি মুসলিম আরব ব্লক। যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি এই ছিল তাদের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

বাগদাদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘপ্রতিক্ষীত সংহতি সম্মেলন মঙ্গলবার শুরুতেই পণ্ড হয়েছে। সম্মেলন বসতে না বসতেই তা থেকে বেরিয়ে যায় সুন্নি মুসলিম আরব ব্লক। যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি এই ছিল তাদের অভিযোগ। এই সংহতি সম্মেলন ইরাকে সবচে বড় ধরনের সম্মেলন। সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘু সুন্নি আরবসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের মধ্যে সংহতি স্থাপনের উদ্দেশ্য নিয়েই আয়োজন করা হয় এই সম্মেলনের। ইরাকের প্রধান সুন্নি আরব ব্লক 'দ্য একরডেন্স ফ্রন্ট' সম্মেলনে যোগ দিতে রাজিও হয়। কিন্তু বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনে রাজনৈতিক নেতারা সম্মেলনে যোগ দিতে সমবেত হওয়ার পরপরই সুন্নি আরবরা সেখান থেকে সরে আসে। ইরাক সরকারের মুখপাত্র সেলিম আল-জুবৌরি বলেছেন, "সুন্নি আরব ফ্রন্ট সম্মেলনে যোগ দেবে না। কারণ, তারা সংহতি স্থাপনে বিশ্বাসী নয়। আর আমন্ত্রণপত্র ওই ফ্রন্টের কাছে আনুষ্ঠানিকভাবে না পাঠিয়ে ফ্রন্টের সদস্যদের কাছে পাঠানোটাও তাদের সম্মেলনে যোগ না দেওয়ার কারণ।" তিনি আরও বলেন, "এর আগের কয়েকদফা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কখনওই বাস্তবায়িত হয়নি। এখন আমরা কিভাবে নতুন প্রস্তাব আনব?" উল্লেখ্য, ওয়াশিংটন বরাবরাই বাগদাদে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সুযোগকে রাজনৈতিক অগ্রগতির কাজে লাগানোর জন্য ইরাক সরকারকে চাপ দিয়ে আসছে। মঙ্গলবারের সম্মেলনে যোগ দিতে আসেন ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদরের প্রধান রাজনৈতিক ব্লকের প্রধান নাসার আল-রুবাই। কিন্তু সম্মেলনে তিনি কোনো সক্রিয় ভূমিকা নেবেন কিনা তা বলতে তিনি অস্বীকৃতি জানান। রয়টার্সকে রুবাই বলেন, এ ধরনের সম্মেলন কেবলমাত্র সরকারের প্রচারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৮ঘ.