গুয়াহাটি,ভারত, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মনিপুরে সোমবার রাতে সাত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বিচ্ছিন্নতাবাদীরা। পুলিশ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
যে সাত ব্যক্তিকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে তারা সবাই উত্তরাঞ্চল থেকে এসে বসতি স্থাপনকারী। বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই ওই এলাকায় বসতি স্থাপনকারী হিন্দিভাষী লোকদের ধরে নিয়ে হত্যা করে। তাদের অভিযোগ বসতি স্থাপনকারীরা ওই এলাকার স্থানীয় সংস্কৃতি বিনষ্ট করছে।
পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা ওই সাতজনকে চোখ বেঁধে একটি গাড়িতে তুলে নিয়ে যায় এবং হত্যার পর মনিপুরের রাজধানী ইমফলের কাছে রাস্তার পাশে তাদের লাশ ফেলে রাখে।
এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান," গ্রামবাসীরা গুলির শব্দ শোনার পর পুলিশকে খবর দেয়।"
তিনি আরও জানিয়েছেন, কোন বিচ্ছিন্নতাবাদী দল হত্যার দায় স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০৫ ঘ.
bdnews24