২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা পুনরায় শুরু

গাজায় ইসরায়েলের বড় ধরনের হামলার পর বন্ধ হয়ে যাওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা সোমবার আবার শুরু হয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। তবে দুপক্ষে ইতোমধ্যেই একটি গোপন আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

জেরুজালেম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ইসরায়েলের বড় ধরনের হামলার পর বন্ধ হয়ে যাওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা সোমবার আবার শুরু হয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। তবে দুপক্ষে ইতোমধ্যেই একটি গোপন আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তারা। আলোচনায় ইসরায়েলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি এবং ফিলিস্তিনি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী আহমেদ কুরেই। ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের নতুন ইহুদি বসতি গড়ার পরিকল্পনা এখনও বাদ দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। জেরুজালেমে বসতি নির্মাণ চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। জেরুজালেমকে ফিলিস্তিনিদের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রেই নিজেদের অংশ করে রাখতে চায় ইসরায়েল। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওলমার্ট বলেন, "স্থানে স্থানে বসতি স্থাপনের কাজ চলবে। বসতি সংশ্লিষ্ট আরও কোনো কিছু নির্মাণের কাজও চলবে। কারণ, ভবিষ্যতে এ সমস্ত জায়গা ইসরায়েলের হাতেই থাকবে।" দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা রোডম্যাপ শান্তি প্রক্রিয়া মেনে চলতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের চাপ সত্ত্বেও ওলমার্ট এমন কথা বললেন। উল্লেখ্য, ওয়াশিংটন জেরুজালেমে ইসরায়েলের নতুন ইহুদি বসতি গড়ার পরিকল্পনার বিরোধিতা করে আসছে। আলোচনা সম্পর্কে ওলমার্ট বলেন, "আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আহমেদ কুরেইয়ের বৈঠক হচ্ছে। আমরা থেমে যাইনি। আমরা থেমে থাকছি না। আর আমরা হাল ছেড়েও দেব না।" নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, লিভনি এবং কুরেইয়ের মধ্যে ১০ দিন আগে একটি বৈঠক হয়েছে। কিন্তু সেকথা প্রকাশ্যে বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩০ঘ.