২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম হত্যাযজ্ঞের ৪০ বছরপূর্তি

১৯৬০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়কার মার্কিনিদের চালানো সবচেয়ে বর্বর গণহত্যা থেকে বেঁচে যাওয়া গ্রামবাসীরা রোববার ওই হত্যাযজ্ঞের ৪০ বছরপূর্তি পালন করেছে। তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্রের সেই সময়কার সেনারা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু বোমা হামলা থেকে রক্ষা পাওয়া হিরোশিমা ও নাগাসাকিরা অধিবাসীরা। এই দিনে বিশ্ব শান্তির আহ্বান জানায় সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মাই লাই, ভিয়েতনাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৬০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময়কার মার্কিনিদের চালানো সবচেয়ে বর্বর গণহত্যা থেকে বেঁচে যাওয়া গ্রামবাসীরা রোববার ওই হত্যাযজ্ঞের ৪০ বছরপূর্তি পালন করেছে। তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্রের সেই সময়কার সেনারা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু বোমা হামলা থেকে রক্ষা পাওয়া হিরোশিমা ও নাগাসাকিরা অধিবাসীরা। এই দিনে বিশ্ব শান্তির আহ্বান জানায় সবাই। ১৯৬৮ সালের ১৬ মার্চ ভিয়েতনামের কেন্দ্রীয় কুয়াং এনগাই প্রদেশের মাই লাই গ্রামে ঢুকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞে মেতে ওঠে মার্কিন বাহিনীর চার্লি কোম্পানি। তারা গুলি করে হত্যা করে নারী ও শিশুসহ গ্রামের ৫০৪ জন নিরীহ মানুষকে। হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া গ্রামের এক বাসিন্দা থ্রং থাই লি। তিনি তখন ছিলেন গ্রামের একটি পর্যবেক্ষণ টাওয়ারের কাছে। যেখানে ওই সকালে ১০২ জনকে গুলি করে হত্যা করা হয়। লি জানিয়েছেন, ওই বিভৎস হত্যাযজ্ঞের দুঃসহ স্মৃতি এখনো তাকে তাড়া করে ফেরে। তিনি বলেন, "নিজেকে বাঁচাতে আমি মৃত মানুষের ওপর শুয়ে পড়ি। নিজেকে ঢেকে ফেলি কিছু ধান গাছ দিয়ে।" তিনি আরও বলেন, "আমার পাশে পড়ে ছিল ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত পাঁচটি মৃতদেহ। সেগুলো থেকে তখনও রক্তের শ্রোত বইছে।" এলাকাবাসী ও সরকার প্রতি বছর ওই হত্যযজ্ঞের দিনটি পালন করে থাকে। নিহতদের আত্মার শান্তি কামনা করে এ বছর আয়োজন করা হয় একটি ধর্মীয় অনুষ্ঠান। এর আগে গ্রামবাসী নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুলের তোড়া বিছিয়ে দেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওই যুদ্ধে মার্কিন বাহিনীর সামরিক হেলিকপ্টারের যোদ্ধা লরেন্স কোলবার্ন। ওই হত্যাযজ্ঞের দিন পাইলট হাগ থমসনকে নিয়ে কয়েকজন এলাকাবাসীকে উদ্ধার করেন। কোলবার্ন বলেন, "যুদ্ধে কোনো পক্ষই জেতে না, দুর্ভাগ্যের শিকার হন কেবল বেসামরিক লোকজন।" তিনি আরও বলেন, "যুদ্ধের বিভৎসতা এড়ানোর একমাত্র উপায় যুদ্ধ পরিহার করা।" ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে তিনি যত দ্রুত সম্ভব আমেরিকাকে ওই যুদ্ধ শেষ করার আহ্বান জানান। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানে পরমাণু বোমার বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া পাঁচ জনের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছিল ভিয়েতনামের প্রত্যন্ত অঞ্চলের ওই অনুষ্ঠানে। প্রতিনিধি দলের একজন 'জাপান কাউন্সিল এগেইনস্ট অ্যাটোমিক বোম্বস' এর পরিচালক ড. সোজি সাওয়াদা বলেন, "হিরোশিমা এবং এবং নাগাসাকির বিস্ফোরণ এবং ভিয়েতনামের এজেন্ট অরেঞ্জের সমস্যার মধ্যে অনেক মিল আছে।" তিনি আরও বলেন, "আমি আগামী প্রজন্মের সঙ্গে আমার অভিজ্ঞতা বিনিময় করতে চাই যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ এড়ানো যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩০ ঘ.