২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জারদারির বিরুদ্ধে দুর্নীতির সর্বশেষ মামলা প্রত্যাহার

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে দায়ের করা ৬ টি দুর্নীতি মামলা প্রত্যাহারের পর শুক্রবার সর্বশেষ আরেকটি মামলা প্রত্যাহার করেছে পাকিস্তানের আদালত। তার আইনজীবী একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে জারদারির সরকারি দায়িত্ব পালনের পথ পরিস্কার হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ইসলামাবাদ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির বিরুদ্ধে দায়ের করা ৬ টি দুর্নীতি মামলা প্রত্যাহারের পর শুক্রবার সর্বশেষ আরেকটি মামলা প্রত্যাহার করেছে পাকিস্তানের আদালত। তার আইনজীবী একথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে জারদারির সরকারি দায়িত্ব পালনের পথ পরিস্কার হল। জারদারির বিরুদ্ধে ৭ টি দুর্নীতি মামলার মধ্যে প্রথম দফায় ৫টি প্রত্যাহারের পর গত বুধবার আরেকটি বিশেষ দুর্নীতি মামলা প্রত্যাহার করা হয়। এবার সর্বশেষ মামলাটিও প্রত্যাহার হল। জারদারির নেতৃত্বে পাকিস্তানে গত ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে জয়ী হয় পিপিপি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য পিপিপি এবং অন্যান্য দলগুলো একজোট হয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আগামী সরকারে গুরুত্বপূর্ণ পদ গ্রহণে জারদারির পথ পরিস্কার করতে তার দুর্নীতি মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া বড় ধরনের পদক্ষেপ। জারদারির আইনজীবী ফারুক নায়েক রয়টার্সকে বলেন, আদালত তার মক্কেলকে সব মামলা থেকেই মুক্তি দিয়েছে। এসবগুলো মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তিনি বলেন, "মামলাগুলো থেকে অব্যাহতির মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে এবং ন্যায়বিচার করা হয়েছে।" গত মাসের নির্বাচনে জারদারির দল পিপিপি জয়লাভ করলেও তিনি নিজে নির্বাচন করতে পারেননি। পাকিস্তানে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন করতে পারেন না। সেক্ষেত্রে জারদারি সাজাপ্রাপ্ত না হলেও তার বিরুদ্ধে দুর্নীতির মামলা ঝুলে ছিল। পাকিস্তানে প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের সদস্য হতে হলে তাকে অবশ্যই পার্লামেন্টের সদস্য হতে হয়। যদিও জারদারি জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা তার নেই। ১৯৯৬ সালে দুর্নীতির অভিযোগে অপসারিত বেনজিরের দ্বিতীয় মেয়াদের সরকারে মন্ত্রী ছিলেন জারদারি। বেনজির ও জারদারি দুজনের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য অভিযোগ থাকলেও তারা এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে এসেছেন। তবে জারদারি বিভিন্ন অভিযোগে ১১ বছর জেল খেটেছেন। এছাড়া, আত্মঘাতী হামলায় বেনজির নিহত হওয়ার পর সরকার তার সব দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিল। নায়েক জানান, প্রয়াত বেনজিরের নিজ প্রদেশ সিন্ধু হাইকোর্টও সরকারের দুর্নীতিবিরোধী সংস্থাকে জারদারির বিরুদ্ধে বিদেশে থাকা সব দুর্নীতি মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। বেনজির এবং জারদারি দুজনের বিরুদ্ধেই সুইজারল্যান্ড এবং স্পেনে দুর্নীতির মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৫ ঘ.