বেইজিং, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- প্রায় দুই দশকের মধ্যে তিব্বতি ভিক্ষুদের সবচে বড় বিক্ষোভে উত্তাল চীন। শ'শ ভিক্ষুর বিক্ষোভ মিছিল আর তা কঠোর হাতে দমনের সরকারি পদক্ষেপে উত্তপ্ত হয়ে উঠেছে তিব্বতি অধুষ্যিত প্রদেশগুলো। সরকারের কঠোর পদক্ষেপের নিন্দায় ইতোমধ্যেই সরব হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।
এ সপ্তাহে তিব্বতের লাসায় বৌদ্ধ ভিক্ষু বিক্ষাভ হওয়ার কথা স্বীকার করেছে চীন। এ সপ্তাহের শুরুর দিকে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬ শ ভিক্ষু বিভিন্ন বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। বিক্ষুব্ধ তিব্বতিদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়াসহ গুলি চালায়।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সালের বিক্ষোভের পর এটিই সবচে বড় বিক্ষোভ। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যূত্থানের ৪৯ বছর পূর্তি উৎসব পালন করা থেকেই এই বিক্ষোভের সূত্রপাত।
গত দুদিন ধরে চলছে এই বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ। তা ছড়িয়ে পড়েছে লাসার বাইরেও। অলিম্পিক গেমস শুরুর ঠিক আগে এই ঘটনায় ধারণা করা হচ্ছে, তিব্বতিরা বিশ্বের দৃষ্টি এখন তাদের ওপর--- একথা জেনেই এই মুহূর্তকে নিজেদের অধিকার আদায়ের কাজে লাগাতে বদ্ধপরিকর হয়েছে। লন্ডন-ভিত্তিক তিব্বতি গ্র"প 'ফ্রি টাইবেট ক্যাম্পেইন' এর সদস্য ম্যাট হুইট্টিকেস রয়টার্সকে একথা বলেছেন।
চীনের অন্যান্য প্রদেশের বিক্ষোভ এমনকী ভারতে সংঘঠিত বিক্ষোভ থেকেও লাসায় তিব্বতিরা আরও বেশি বিক্ষোভে ফুঁসে উঠছে।
অন্য এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, " লাসার রাস্তায় ২য় দিনের বিক্ষোভে ৬শ' বৌদ্ধ ভিক্ষুকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোঁড়ে প্রায় ২ হাজার চীনা নিরাপত্তা কর্মকর্তা।" বিক্ষোভকারীরা এসময় তিব্বতি পতাকা ওড়ানোর দায়ে আটক প্রায় ডজনখানেক ভিক্ষুর মুক্তি দাবি করে এবং স্বাধীনতাপন্থী স্লোগান দেয়। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২০ঘ.
bdnews24