ওয়াশিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক ও কিউবার গুয়ান্তানামো বে সহ বিভিন্ন মার্কিন সামরিক বন্দিশিবিরে বন্দিদের জিজ্ঞাসাবাদের ভিডিও টেপ খতিয়ে দেখছে মার্কিন প্রতিরক্ষা দফতর। এ সমস্ত ভিডিওর মধ্যে প্রায় ৫০টি টেপ চিহ্নিত করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, একটি টেপে দেখা গেছে, এক সন্দেহভাজন সন্ত্রসীকে জিজ্ঞাসাবাদের সময় গলায় গজ ঢুকিয়ে দেওয়া হয়েছে।
চিহ্নিত ভিডিও চিত্রগুলোর অনেকগুলোতে শিকাগোর সন্ত্রাসী গ্র"পের সদস্য জোসে প্যাডিলাকে জিজ্ঞাসাবাদের চিত্র ধারণ করা আছে। তার বিরুদ্ধে এক সময় রেডিওঅ্যকাটিভ বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সন্ত্রসবাদে সহযোগিতার দায়ে জানুয়ারিতে তাকে ১৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।
প্যডিলাকে বিনাবিচারে সাড়ে তিন বছর আটক রাখা হয়েছিল। তার আইনজীবী তখন জানিয়েছিলেন, দীর্ঘদিন চরম নিঃসঙ্গ অবস্থায় থাকা এবং জিজ্ঞাসাবাদের কারণে তিনি মানসিকভাবে এতই দূর্বল হয়ে পড়েছেন যে তিনি মামলা চালানোর জন্য আইনজীবীর সঙ্গে ভালভাবে কথাও বলতে পারেন না।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদের ভিডিও টেপ আংশিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কর্তৃপক্ষ প্রথমবারের মত একথা স্বীকার করেছে যে, তদন্তকারীরা বন্দিদের জিজ্ঞাসাবাদের সময় অনেক ক্ষেত্রে ভিডিও করেছে। এছাড়া, এর মাধ্যমে আমেরিকায় বন্দিশিবিরে বন্দিদের সঙ্গে খারাপ আচরণের বিষয়টি নিয়ে বিতর্ক আরও বাড়বে।
প্রতিবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় বন্দিদের ওপর চালানো সিআইএ কর্মকর্তাদের অত্যাচারের ভিডিও চিত্র নষ্ট করে দেওয়া হয়েছে বলে সিআইএ গত জানুয়ারিতে স্বীকার করার পর থেকে এই পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬০০ ঘ.
bdnews24