জেরুজালেম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি সংগঠন হামাসের পক্ষ নেওয়ার অভিযোগে প্রভাবশালী টেলিভিশন চ্যানেল আল জাজিরা বয়কট করেছে ইসরায়েল। বুধবার ইসরায়েল জানিয়েছে, তারা আর আল জাজিরাকে সহযোগিতা করবে না।
তবে পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করে আল জাজিরা জানিয়েছে, বয়কট সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিছু জানায়নি।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, কাতার ভিত্তিক স্যাটেলাইট চ্যানেলটিকে কোনো সাক্ষাৎকার দেওয়ার অনুমতি সরকার দেবে না। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা ও গেরিলাদের সংঘর্ষ নিয়ে সংবাদ প্রচারের জন্য টেলিভিশনটির সাংবাদিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিতে পারে সরকার।
এ বিষয়ে ইসরায়েলের সহকারি পররাষ্ট্রমন্ত্রী মাজাল্লি ওহাবি রয়টার্সকে বলেন, "তারা বস্তুনিষ্ঠ হওয়ার পরিবর্তে পক্ষপাতিত্ব করলে আমরা কেন তাদের সঙ্গে সহযোগিতা করব? আমরা কেন তাদেরকে সার্ভিস দেব?"
তবে আল জাজিরা জানিয়েছে, ইসরালের এ ঘোষণায় তারা বিস্মিত। লন্ডনে রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, "সংবাদ প্রচারের ক্ষেত্রে আল জাজিরা সব সময়ই একটি নিরপেক্ষ, ভারসাম্যপূর্ণ ও পেশাদারিত্বসূলভ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সচেষ্ট।"
ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিয়োজিত আল জাজিরার ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি বলেন, তাদের প্রচারিত সংবাদ ছিল পক্ষপাতহীন এবং এতে হামাস বা অন্য কারও প্রতি কোনো সহানুভূতি ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৪১০ ঘ.
bdnews24