হংকং, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণাঞ্চলে একটি কাঠের ফার্নিচার কোম্পানির ধর্মঘটরত প্রায় ১৫শ' শ্রমিকের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। চুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে শ্রমিকদের মতবিরোধ হওয়ায় তারা এ ধর্মঘট করছে। কারখানাটির এক ব্যবস্থাপক বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, দক্ষিণ চীনের ওই কারখানায় বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে গ্যাস সিলিন্ডারের আঘাতে এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ১৪ শ্রমিককে আটক করে।
তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক কারখানাটির ওই ব্যবস্থাপক জানিয়েছেন, কেউই মারা যায়নি। এছাড়া পুলিশের কাছ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিকদের সমস্যার কথা উল্লেখ করে অনলাইন আবেদনে কারখানাটির এক শ্রমিক জানিয়েছেন, জানুয়ারি মাসে নতুন চান্দ্রবর্ষের ছুটিতে যাওয়ার আগে কোম্পানিটির সকল শ্রমিককে একটি ফাঁকা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।
জনপ্রিয় একটি ব্লগিং সাইটে প্রকাশিত ওই চিটিতে তিনি আরও বলেছেন, ছুটি শেষে ফিরে শ্রমিকরা জানতে পারেন কোম্পানির লভ্যাংশর যে পরিমাণ তারা পাবেন বলে প্রত্যাশা করেছিলেন তা পরিবর্তন অথবা কর্তন করা হয়েছে।
কোম্পানি ব্যবস্থাপক জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় সকলেই ধর্মঘট পালন করছে। এ নিয়ে তারা টানা নয়দিন ধর্মঘট করছে। মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধ মেটার সম্ভাবনা কম।
টেলিফোনে তিনি রয়টার্সকে বলেন, "পরিস্থিতি এখনও জটিল। কর্মচারীরা কাজে যোগ দিচ্ছে না।"
তিনি আরও বলেন, "দুই পক্ষের মধ্যে মতবিরোধ থাকায় আপতত মিমাংসা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শ্রমিকদের অনেক সুনির্দিষ্ট দাবি রয়েছে। তাই মিমাংসায় পৌঁছানো জটিল হয়ে উঠেছে। তবে আমরা আলোচনা করতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৩২০ ঘ.
bdnews24