গাজা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা বন্ধ ও গাজার সীমান্তপথগুলো পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বুধবার প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত জুড়ে দিয়েছে হামাস।
ইসরায়েল ও ফিলিস্তিনের গেরিলাদের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তির জন্য মধ্যস্থতা করছে মিসর। এ চুক্তি হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযান এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের রকেট হামলা বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার গাজা উপত্যকায় দেওয়া এক ভাষণে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, "গুপ্ত হত্যা ও অভিযানসহ আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব আগ্রাসন বন্ধ, (গাজার) অবরোধ প্রত্যাহার এবং সীমান্ত পথগুলো পুনরায় খুলে দেওয়ার অঙ্গীকার করতে হবে ইসরায়েলকে।"
তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তিটি "পারস্পরিক, সমন্বিত ও যুগপৎ" এবং তা হামাস নিয়ন্ত্রিত গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় বলবৎ হতে হবে।
হানিয়া বলেন, "পশ্চিম তীরে বসবাসকারী জনগণকে বলছি, আমরা আপনাদের পরিত্যাগ করব না। আপনাদের বিরুদ্ধে আগ্রাসন মানে আমাদের বিরুদ্ধে আগ্রাসন।"
হানিয়ার এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ইসলামিক জিহাদের এক সদসস্যকে হত্যার কয়েক ঘণ্টা পর গাজার ওই সামবেশে বক্তব্য রাখেন হামাস নেতা হানিয়া।
পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর ওই হত্যাকাণ্ডকে হামাসের অপর এক নেতা ইসরায়েলের যুদ্ধবাজ মনোভাব ধরে রাখার প্রমাণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে ইসরায়েল "শান্তি স্থাপনে আগ্রহী নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৪৬ ঘ.
bdnews24