কাবুল, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফগানিস্তানে সন্দেহভাজন তালেবান গেরিলাদের বিরুদ্ধে ন্যাটোর এক অভিযানের সময় দুই নারী ও দুই শিশু নিহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন বেসামরিক লোক।
মঙ্গলবার রাতে ন্যাটো জানিয়েছে, সোমবার ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স (ইসাফ) পরিচালিত ওই অভিযানে আরও এক শিশু আহত হয়।
এক বিবৃতিতে ন্যাটো বলেছে, "গতকাল রিজিওনাল কমান্ড সাউথ এলাকায় ইসাফ এর এক অভিযানের সময় একদল গেরিলা তাদের ওপর হামলা চালায় এবং জবাবে তারাও পাল্টা হামলা চালায়।"
বিবৃতিতে ন্যাটো আরও বলেছে, "দুর্ভাগ্যবশত, বেশ কয়েকজন বেসামরিক লোকও গুলিবিদ্ধ হয় এবং এতে দুই নারী ও দুই শিশুর প্রাণহানি হয়।"
প্রসঙ্গত, আফগানিস্তানে বেসমারকি লোকের প্রাণহানি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারসহ দেশটিতে মোতায়েন মার্কিন সেনাবাহিনী ও ন্যাটোর নেতৃত্বাধীন বিদেশি সেনাদের জন্যও খুবই স্পর্শকাতর এক ইস্যু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24