ওয়াশিংটন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দৌড়ে হিলারি ক্লিনটনকে আবারও অনেক পেছনে ফেলে দিলেন বারাক ওবামা। মঙ্গলবার মিসিসিপি রাজ্যে বাছাই পর্বের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারির বিপক্ষে তিনি সহজ জয় পেয়েছেন।
দল থেকে মনোনয়ন নিশ্চিত করে প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারলে ইলিনয়ের সিনেটর বারাক ওবামা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। মনোনয়ন প্রতিযোগিতায় তিনি এখন বেশ এগিয়ে আছেন এবং মঙ্গলবার মিসিসপিতে জিতে সেই ব্যবধান আরও বাড়িয়ে নিলেন। গত সপ্তাহে তিনি ওয়াইওমিং রাজ্যে জেতেন।
টানা ১১টি রাজ্যে হেরে নিজের প্রার্থিতার সম্ভাবনা যখন ফিকে হয়ে আসছিল ঠিক সেই সময় গত সপ্তাহের প্রথম দিকে ওয়াইয়ো ও টেক্সাসে জিতে মনোনয়ন দৌড়ে আবার নিজেকে ফিরেয়ে আনেন সাবেক ফার্স্ট লেডি ও নিউ ইয়র্কের সিনেটর হিলারি। কিন্তু জয়ের ধারা ধরে রাখতে পারেননি তিনি। পরপর দুই রাজ্যে আবার হারলেন তিনি।
তবে দুজনেরই লক্ষ্য এখন আগামী ২২ এপ্রিল গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ার নির্বাচনের দিকে।
মিসিসিপিতে জয়ের পর সিএনএনকে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "দেশে একটা পরিবর্তন আনতে আমরা যা করতে চাইছি ধীরে ধীরে নিশ্চিতভাবেই আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। মিসিসিপির মানুষও আমাদের সমর্থন দিয়েছে।"
এই পরাজয়ের পর জনসম্মুখে কথা বলেননি হিলারি। তবে তার প্রচারণা ব্যবস্থাপক ম্যাগি উইলিয়ামস এক বিবৃতিতে মিসিসিপিতে হিলারির সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে ম্যাগি বলেন, "এখন আমাদের প্রচারণার লক্ষ্য পেনসিলভানিয়া এবং অবশ্যই সারাদেশ। প্রচারাভিযান অব্যাহত থাকবে।"
দুই প্রার্থীই মঙ্গলবার পেনসিলভানিয়ায় পৌঁছে গেছেন। ১৫৮ জন প্রতিনিধির এই রাজ্যে বাছাই পর্বের নির্বাচন হবে আগামী ২২ এপ্রিল। এই রাজ্যে জয় পরাজয় মনোনয়ন প্রতিযোগিতায় দুজনের জন্যই গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১১৩৩ ঘ.
bdnews24