২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দখলদারদের বিরুদ্ধে লড়তে মুজাহিদীনদের প্রতি তালেবানদের আহ্বান

আফগানিস্তানের তালেবান নেতারা যুদ্ধবিদ্ধস্ত দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি দখলদার বাহিনীকে হটাতে আবারও লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে সাবেক সোভিয়েত বিরোধী মুজাহিদীন যোদ্ধাদের প্রতি। ইসলামী রাষ্ট্রটিকে মুক্ত করতে এখন আবারও সেসময়ের মুজাহিদীনদের ত্যাগ ও সাহসী ভূমিকা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

কাবুল, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের তালেবান নেতারা যুদ্ধবিদ্ধস্ত দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি দখলদার বাহিনীকে হটাতে আবারও লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে সাবেক সোভিয়েত বিরোধী মুজাহিদীন যোদ্ধাদের প্রতি। ইসলামী রাষ্ট্রটিকে মুক্ত করতে এখন আবারও সেসময়ের মুজাহিদীনদের ত্যাগ ও সাহসী ভূমিকা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায় তালেবান চরমপন্থীরা। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সরকারে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে বলে সাবেক মুজাহিদীন নেতাদের কয়েকজন অভিযোগ তোলার পরপরই এ আহ্বান জানাল তালেবানরা। তালেবানদের বিবৃতিতে বলা হয়, "এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে দেশকে মুক্ত করার লড়াইয়ে এবং ইসলাম প্রতিষ্ঠায় সাবেক জিহাদি নেতা ও কমান্ডাররা অনেক ত্যাগ স্বীকার করেছেন।" আরও বলা হয়, "এখন এটা খুব জরুরি যে, তারা আবারও জনগণের পাশে দাঁড়াবেন এবং দখলদারদের বিরুদ্ধে আবারও ত্যাগের পরীক্ষা দেবেন.....এ ইসলামী আমিরাত একটি বোঝাপড়ার পথ ধরে এগোবে এবং তাদের জন্য সবসময়ই দরজা খোলা থাকবে।" ১৯৮০ দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে আফগানিস্তানকে মুক্ত করতে লড়াই শুরু করে মুজাহিদীনরা। ওই লড়াইয়ে সর্বাত্মক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে ১৯৯২ সালে দেশটির ক্ষমতায় উঠে আসে মুজাহিদীন নামে পরিচিত সেসময়ের যোদ্ধারা। কিন্তু ক্ষমতা ও গোষ্ঠীদ্বন্দ্বে মুজাহিদীনদের বিভিন্ন গ্র"পের মধ্যে সংঘর্ষ থেকে আফগানিস্তানে পুরোমাত্রার গৃহযুদ্ধ শুরু হওয়ার সুযোগে 'ইসলামী শাসন' প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করে তালেবানরা। মুজাহিদীনদের হটিয়ে আফগানিস্তানের শাসন ক্ষমতায় চলে আসে তালেবানরা। ২০০২ সালের সামরিক আগ্রাসনে তালেবানদের ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। তালেবান বিরোধী লড়াইয়ে মার্কিনিদের সহায়তা করেছিল এককালের প্রতিপক্ষ মুজাহিদীন যোদ্ধারা। কিন্তু হামিদ কারজাইয়ের নেতৃত্বে গঠিত সরকারে মুজাহিদীনদের সামরিক-বেসামরিক বিভিন্ন পদে জড়িত করা হলেও তাদের সঠিক মূল্যায়ন করা হয়নি এবং সরকারে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে বলে অভিযোগ করে আসছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.