ম্যানিলা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে বিদেশে অবৈধ অর্থপাচার সংক্রান্ত ৩২টি মামলা থেকে সোমবার অব্যাহতি দিয়েছে দেশটির একটি আদালত। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।
রায়ে বিচারপতি সিলভিনো পামপিলো বলেন, "শুধু শুনানি এবং অপর্যাপ্ত ও সঠিক উপায়ে প্রমাণিত নয় এমন তথ্যর ভিত্তিতে এই আদালত সবকিছু বিচার-বিবেচনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে পারে না।"
তিনি আরও বলেন, "নিজেকে নির্দোষ দাবি করার সাংবিধানিক অধিকার রয়েছে অভিযুক্তের।"
ফিলিপাইনের ঐতিহ্যবাহী সবুজ রঙের পোশাক এবং তার সঙ্গে ম্যাচ করে হাতে আংটি এবং কানের দুল পরে আদালতে এসেছিলেন ইমেলদা মার্কোস। স্বামীর শাসনামলে বিলাসবহুল জীবন-যাপনের জন্য ব্যাপকভাবে সমালোচিত ইমেলদা মার্কোস সোমবারের রায় ঘোষণার সময় তার হাত দুটো দৃঢ়মুষ্টি করে দাঁড়িয়েছিলন।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি খুবই খুশি এবং এজন্য ঈশ্বরকে ধন্যবাদ যে ৩২টি মামলার নিস্পত্তি হয়ে গেছে।"
ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ২০ বছরের শাসনামলে তিনি, তার স্ত্রী ইমেলদা মার্কোস এবং তাদের আত্মীয়-স্বজন বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে।
ওইসব অভিযোগে মার্কোস পরিবারের বিরুদ্ধে ৯০১টি মামলা হয়। তবে পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে অধিকাংশ মামলা থেকেই খালাস পেয়েছেন ইমেলদা।
ইমেলদা মার্কোসের স্বামী ফার্দিনান্দ মার্কোস ১৯৮৬ সালে সেনা-সমর্থিত এক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন এবং ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে নির্বাসনে থাকাকালে তার মৃত্যু হয়।
১৯৯১ সালে ইমেলদা মার্কোস ফিলিপাইনে ফিরে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০৫ ঘ.
bdnews24